ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৩ অক্টোবর, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪০ বার
সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর বিশেষ নিরাপত্তায় পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হচ্ছে রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের বিশেষ চালান।
শনিবার (৩ অক্টোবর) সকালে সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশ, এসআরবি, ডগ স্কোয়াড, এপিবিএনের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর বহর ইউরেনিয়াম নিয়ে রওনা হয়।
বহরে রাশিয়া থেকে আসা বিশেষজ্ঞ দলও আছে।
তিনটি লরিতে ইউরেনিয়াম এবং একটিতে অন্যান্য সরঞ্জামাদি নিয়ে যাওয়া হচ্ছে।
জ্বালানিবাহী বহর চলাচলের সময় মহাসড়কের একটি লেন সম্পূর্ণ ফাঁকা রাখা হচ্ছে।
এর আগে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি নিয়ে তৈরি হওয়া জটিলতা কাটিয়ে শুক্রবার (২ অক্টোবর) রাত ১১টা ৪৩ মিনিটে একটি বিশেষ কার্গো উড়োজাহাজে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ইউরেনিয়ামের চালান।
প্রকল্প সূত্রে জানা গেছে, রূপপুরের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য আরও দুটি চালানে ইউরেনিয়াম আনা হবে। সব মিলিয়ে মোট নয়টি চালানে পারমাণবিক জ্বালানি দেশে আসবে।
পরিকল্পনা অনুযায়ী আগামী ডিসেম্বরের মধ্যে পুরো সরবরাহ সম্পন্ন হওয়ার কথা।
প্রকল্পের কাজ নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এগোলে ডিসেম্বরের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ২০০ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হতে পারে। এর মাধ্যমে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া আরও গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছাবে।
রূপপুরের দুটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের জন্য রাশিয়ার সহযোগিতায় প্রয়োজনীয় পারমাণবিক জ্বালানি সরবরাহ করা হচ্ছে।