ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৮ অক্টোবর, ২০২৬ ০৯:৪৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৩ বার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাইল হাওরের রউয়া বিলে মাছ ধরার জালে আটকে পড়া একটি অজগর সাপ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকালে শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের একটি দল প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় অজগরটিকে জালমুক্ত করে।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতের কোনো একসময় রউয়া বিলে পাতা মাছ ধরার জালে অজগরটি আটকে পড়ে। সকালে বিষয়টি দেখতে পান স্থানীয় বাসিন্দা সাইদুল হক।
পরে তিনি বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।
খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছান।
প্রায় এক ঘণ্টার চেষ্টায় তারা অজগরটিকে জাল থেকে বের করে আনেন।
স্থানীয়রা জানান, দ্রুত উদ্ধার করা না হলে দীর্ঘ সময় জালে পেঁচিয়ে থেকে অজগরটি মারা যেতে পারত।
উদ্ধারের পর অজগরটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
শ্রীমঙ্গল বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার করা অজগরটির স্বাস্থ্যপরীক্ষা করা হবে। পরে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে সেটিকে অবমুক্ত করা হবে।