ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২৬ ০৯:৪৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩২ বার
দেশের উপজেলা পর্যায়ের সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, প্রকৃত উদ্যোক্তা নির্বাচন ও অর্থায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক পরিচালিত ‘উদ্যোগ’ কর্মসূচির প্রথম ধাপে ব্যাপক সাড়া পাওয়া গেছে। প্রাথমিক পর্যায়ে দেশের আট জেলার ৬৪টি উপজেলা থেকে মোট ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়েছে।
আগামী ১ নভেম্বর থেকে দেশের অবশিষ্ট ৫৬ জেলার সব উপজেলায় এ কর্মসূচির আবেদন গ্রহণ শুরু হবে।
শনিবার (১৭ অক্টোবর) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক পরিচালিত ‘উদ্যোগ: উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’র সক্রিয়করণ পর্যায়ে আট বিভাগের আটটি জেলা—মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোণার সব উপজেলায় আবেদন গ্রহণ করা হয়। গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সংশ্লিষ্ট উপজেলায় অবস্থিত তফসিলি ব্যাংকের শাখাগুলোতে তরুণ উদ্যোক্তারা তাদের আবেদনপত্র জমা দেন।
প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আট জেলায় মোট আবেদন জমা পড়েছে ১৮ হাজার ৪৪৪টি। এর মধ্যে জেলাভিত্তিক আবেদনের চিত্রে দেখা যায়— মানিকগঞ্জে ১ হাজার ৩৪৩টি, ফেনীতে ১ হাজার ২৬১টি, নওগাঁয় ২ হাজার ৪৫৬টি, ঝিনাইদহে ২ হাজার ১৯১টি, ভোলায় ১ হাজার ৫৪৫টি, হবিগঞ্জে ১ হাজার ৫৫২টি, রংপুরে ২ হাজার ৭৪৫টি এবং নেত্রকোণায় সর্বোচ্চ ৫ হাজার ৩৫১টি আবেদন জমা হয়েছে।
কর্মসূচির ধারাবাহিকতায় উল্লিখিত আট জেলা ছাড়া দেশের অবশিষ্ট ৫৬ জেলার সব উপজেলার আগ্রহী তরুণ উদ্যোক্তারা আগামী ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত নির্ধারিত আবেদন ফরম পূরণ করে জমা দিতে পারবেন। আবেদন ফরম পূরণ করে সংশ্লিষ্ট উপজেলায় অবস্থিত যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় জমা দেওয়া যাবে। আবেদন ফরম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।
উল্লেখ্য, এ কর্মসূচির নীতিমালা গত ১৩ সেপ্টেম্বর ‘এসএমইএসপিডি সার্কুলার নং-০৫’-এর মাধ্যমে জারি করা হয়েছে। নীতিমালাটি বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট (www.bb.org.bd) এবং এসএমই পোর্টালে (www.bb.org.bd/smespd_portal) পাওয়া যাবে।
দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি ও উদ্ভাবনী উদ্যোগের প্রসারে তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে এ কর্মসূচির সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সক্রিয় সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ ব্যাংক।