ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৪ অক্টোবর, ২০২৬ ১৪:০৮ অপরাহ্ন | দেখা হয়েছে ৪ বার
গাজীপুরের কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় একটি কার্টনের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন কর্মীরা।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল ১০টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর প্রথম দলটি সকাল ১০টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
পরে আগুনের তীব্রতা বাড়ায় আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। বর্তমানে আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গাজীপুরের কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় অবস্থিত ‘সুপ্রিম গার্মেন্টসের’ কার্টন ও সুতার গুদামে এ আগুন লাগে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।