ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১ নভেম্বর, ২০২৬ ০৯:৩২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৬ বার
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনলাইন নিউজ পোর্টাল ‘ডিএমপি নিউজ’-এর ওয়েবসাইটে আপত্তিকর রাজনৈতিক বার্তা ও সহিংসতার চিত্র দেখা গেছে। এতে পোর্টালটি সাইবার হামলা বা হ্যাকিংয়ের শিকার হয়েছে কি না, সেটি নিয়ে প্রশ্ন উঠেছে।
ঘটনার পর থেকে ওয়েবসাইটটিতে প্রবেশ করা যাচ্ছে না। তবে এটি হ্যাক হয়েছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে ডিএমপি নিউজের ওয়েবসাইটে প্রবেশ করে দেখা যায়, স্বাভাবিক সংবাদ কনটেন্টের পরিবর্তে সেখানে পুলিশের একটি ছবি, সহিংসতার দৃশ্য এবং রাজনৈতিক বার্তাসংবলিত একটি ছবি প্রদর্শিত হচ্ছে। ছবিতে লেখা ছিল, ‘পুলিশ-তুমি যতই মারো, ৫ আগস্ট কি ভুলতে পার?’ এ সময় ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে মিউজিকও শোনা যায়।
ওয়েবসাইটে এমন পরিবর্তন দেখে সাইবার হামলার আশঙ্কা তৈরি হয়েছে। তবে কারা বা কী উদ্দেশে ওয়েবসাইটটিতে এ ধরনের কনটেন্ট যুক্ত করেছে, তা জানা যায়নি।

ডিএমপি নিউজের ওয়েবসাইটে প্রকাশিত পরিচিতি অনুযায়ী, এটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিজস্ব অনলাইন সংবাদমাধ্যম। এতে ডিএমপির বিভিন্ন কার্যক্রম, অপরাধসংক্রান্ত সংবাদ, জনসচেতনতামূলক তথ্য ও পুলিশের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশ করা হয়।
এ বিষয়ে জানতে ডিএমপির মিডিয়া বিভাগের একাধিক কর্মকর্তার সঙ্গে ফোনে ও মেসেজে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
ওয়েবসাইটটি হ্যাক হয়েছে কি না, কারা এর পেছনে রয়েছে এবং কিভাবে এমন ঘটনা ঘটেছে এসব বিষয়ে ডিএমপি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।