ঢাকা, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

৩১৫ রানের লিডেও থামতে চায় না ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৬ ১৭:৫২ অপরাহ্ন | দেখা হয়েছে ১৫ বার


৩১৫ রানের লিডেও থামতে চায় না ওয়েস্ট ইন্ডিজ

সিলেট টেস্টে বাংলাদেশের সামনে কত রানের লক্ষ্য দাঁড়াবে, তা এখনো ঠিক হয়নি। ৩১৫ রানের লিড নিয়েও আপাতত থামতে চাইছে না ওয়েস্ট ইন্ডিজ।

ব্যাটিংয়ের জন্য উইকেট বেশ ভালো হওয়ায় কত রান জয়ের জন্য যথেষ্ট হবে, তা আগেভাগে বলা কঠিন বলে মনে করছেন ক্যারিবীয় ব্যাটার কাভেম হজ। পঞ্চম দিনে পরিস্থিতি বুঝেই পরবর্তী সিদ্ধান্ত নিতে চায় দলটি।

 

চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৩৪৫ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ৩০ রান পিছিয়ে থাকায় সব মিলিয়ে তারা এগিয়ে ৩১৫ রানে।

হাতে এখনো ৭ উইকেট। কাভেম হজ ১৪০ রানে অপরাজিত আছেন।

 

 

দিন শেষে সংবাদ সম্মেলনে হজকে প্রশ্ন করা হয়েছিল, এই উইকেটে জয়ের জন্য কত রান যথেষ্ট হতে পারে। নির্দিষ্ট কোনো সংখ্যায় যেতে চাননি তিনি, ‘সত্যি বলতে, এই উইকেটে কত রান যথেষ্ট হবে, তা নির্দিষ্ট করে বলা খুব কঠিন। আগামীকাল এসে পরিস্থিতি বুঝতে হবে, ধীরে ধীরে রান বাড়াতে হবে। প্রতিটি মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে। অনেক দূরের কথা এখনই ভাবা যাবে না। কারণ, আমরা দেখেছি উইকেটটি ব্যাটিংয়ের জন্য খুব ভালো। আমরা খুব বেশি রান বাকি রেখে দিতে চাই না, আবার প্রয়োজনের চেয়ে বেশি সময়ও ব্যাটিং করতে চাই না। পরিস্থিতি বুঝে এগোতে হবে।’

হজ আরও বলেন, ‘আগামীকাল পরিস্থিতি বুঝে দেখব, এই উইকেটে কোন স্কোরটি ভালো হবে, কত রান যথেষ্ট হবে এবং কী গতিতে ব্যাটিং করা উচিত। আপাতত আমাদের চেষ্টা লিডটা আরও বাড়ানো।’

বাংলাদেশের সামনে অবশ্য এরই মধ্যে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। টেস্টে তাদের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ২১৫। ২০০৯ সালে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই সেই রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ। এবার সিলেটে জিততে হলে নিজেদের রেকর্ড ছাড়িয়ে যেতে হবে। তবে লক্ষ্য কত হবে, তা নির্ভর করছে পঞ্চম দিনে ক্যারিবীয়দের ব্যাটিং কতক্ষণ চলে এবং কখন তারা ইনিংস ঘোষণা করে তার ওপর।

৩৫০ রানের কাছাকাছি লক্ষ্য পেলে বাংলাদেশ জয়ের চেষ্টা করবে কি না, সে বিষয়েও নিশ্চিত নন হজ, ‘তাদের মানসিকতা কী হবে, তা বলা কঠিন। তারা ব্যাটিংয়ে নামার পর তাদের পরিকল্পনা সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যাবে। আপাতত আমাদের নিয়ন্ত্রণে যা আছে, সেটাতেই মনোযোগ দিতে হবে। আমরা কত রান করছি, কী গতিতে রান করছি—এসব আমাদের হাতে। এরপর যখন ইনিংস ঘোষণা করব, তখন বুঝতে পারব লক্ষ্য তাড়ায় তাদের মানসিকতা কেমন।’


   আরও সংবাদ