ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৬ ১৬:৪৫ অপরাহ্ন | দেখা হয়েছে ৮ বার
আসন্ন পবিত্র রমজান মাসে ১০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় ও সরবরাহ স্বাভাবিক রাখতে বাকিতে আমদানির সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আমদানিকারকদের সর্বোচ্চ ৯০ দিন বা তিন মাসের ঋণ সুবিধা দেওয়া হবে।
বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট (এফইপিডি) থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে অনুমোদিত ডিলারদের (এডি) পাঠানো হয়েছে।
সার্কুলারে জানানো হয়, চাল, গম (আটা), পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল (সয়াবিন ও পাম তেল), চিনি, ছোলা, মটর, মসলা এবং খেজুর এই পণ্যগুলোর বাণিজ্যিক আমদানির ক্ষেত্রে সর্বোচ্চ ৯০ দিনের বাকিতে আমদানির সুযোগ মিলবে।
বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এফইপিডি-১) নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়, আগামী ১৫ মার্চ ২০২৭ পর্যন্ত এই সুবিধা কার্যকর থাকবে। তবে আগের অন্যান্য প্রাসঙ্গিক নির্দেশনা অপরিবর্তিত থাকবে।
ব্যাংকগুলোকে তাদের সংশ্লিষ্ট গ্রাহকদের বিষয়টি দ্রুত অবহিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে।