আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৬ ১৬:৪৬ অপরাহ্ন | দেখা হয়েছে ৮ বার
প্রায় দুই বছর নির্বাসনে থাকার পর বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফেরার বিষয়ে তার এই পরিকল্পনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
তবে কবে এবং কীভাবে তিনি দেশে ফিরবেন, সে বিষয়ে বিস্তারিত এখনো স্পষ্ট নয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরতে পারবেন বলে আত্মবিশ্বাসী। ভারতে নির্বাসনে থাকা আওয়ামী লীগের কয়েকজন নেতা দ্য গার্ডিয়ানকে জানিয়েছেন, দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনা এবার বেশ দৃঢ়প্রতিজ্ঞ।
তার ফেরার প্রস্তুতির অংশ হিসেবে চলতি সপ্তাহে নতুন পাসপোর্টের জন্য আবেদন করা হয়েছে।
সোমবার শেখ হাসিনার পক্ষে দায়িত্বপ্রাপ্ত এক ব্রিটিশ আইনজীবী দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে চিঠি পাঠান।
এতে দ্রুত নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ জানানো হয়। আওয়ামী লীগের কলকাতাভিত্তিক এক নেতা বলেছেন, শেখ হাসিনা সত্যিকার অর্থেই দেশে ফিরতে চান। পাসপোর্ট না পেলে দেশে ফেরার জন্য তিনি ট্রাভেল পাসের আবেদন করবেন।
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। তার শাসনামলে আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত বছরের নভেম্বরে বাংলাদেশের একটি ট্রাইব্যুনাল তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। তবে শেখ হাসিনা অভিযোগ অস্বীকার করে ট্রাইব্যুনালের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আইনি জটিলতা রয়েছে। বাংলাদেশের বর্তমান সরকার তাকে ফেরত পাঠানোর জন্য ভারতের ওপর চাপ দিয়ে আসছে। তবে শেখ হাসিনার ক্ষমতাকালে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা ভারত সরকার এখন পর্যন্ত বাংলাদেশের প্রত্যর্পণের অনুরোধে সাড়া দেয়নি। এতে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে বাংলাদেশ সরকার জানিয়েছে, সন্ত্রাসী হিসেবে বিবেচিত শেখ হাসিনাকে ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় গ্রহণযোগ্য বন্দিবিনিময়ের মাধ্যমে দেশে ফেরার সুযোগ দেওয়া হতে পারে।
অন্যদিকে, শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম বলেছেন, একজন দণ্ডিত পলাতক আসামি হিসেবে তার নতুন পাসপোর্ট পাওয়ার কোনো আইনি সুযোগ নেই। তার বিরুদ্ধে দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের সময়সীমাও শেষ হয়ে গেছে। দেশে ফিরলে তাকে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের নির্বাসিত নেতাদের মধ্যেও তৎপরতা বেড়েছে। দলটির কয়েকজন নেতা জানিয়েছেন, শেখ হাসিনা ফিরলে তারাও দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। তাদের অনেকের বিরুদ্ধে বিভিন্ন ফৌজদারি মামলা রয়েছে এবং অনুপস্থিতিতে দীর্ঘ কারাদণ্ডও দেওয়া হয়েছে।
দ্য গার্ডিয়ান জানিয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতা দেশে ফিরেছেন। তাদের মধ্যে সাবেক সংসদ সদস্য মুস্তাক আহমেদ রুহিও রয়েছেন। গত সেপ্টেম্বরে দেশে ফেরার পরপরই তাকে গ্রেপ্তার করা হয়। ২০২৪ সালের অভ্যুত্থানের সময় সংঘটিত একটি কথিত হত্যাকাণ্ডের মামলায় তার বিরুদ্ধে বিচার চলছে।
ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা নিয়মিত কলকাতায় বৈঠক করছেন। তাদের অনেককে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে দিল্লিতেও যেতে হচ্ছে।
শেখ হাসিনার দেশে ফেরার সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তাদের ধারণা, নিজের সমর্থকদের আবার সংগঠিত করা এবং নতুন নির্বাচিত সরকারকে অস্থিতিশীল করাই এর অন্যতম লক্ষ্য হতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার ক্ষমতায় আসে। কয়েক দশকের মধ্যে দেশটিতে প্রথম গণতান্ত্রিক নির্বাচন হিসেবে উল্লেখ করেছে দ্য গার্ডিয়ান। তবে নতুন সরকার মূল্যস্ফীতি এবং তৈরি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষের মতো চ্যালেঞ্জের মুখে রয়েছে। আওয়ামী লীগ এসব পরিস্থিতিকে নিজেদের রাজনৈতিক সুবিধায় কাজে লাগাতে চাইছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান