ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

চট্টগ্রাম বন্দরে সিগারেট তৈরির সম্পূর্ণ প্ল্যান্ট আটক

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৬ ১১:১৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৩ বার


চট্টগ্রাম বন্দরে সিগারেট তৈরির সম্পূর্ণ প্ল্যান্ট আটক

চট্টগ্রাম বন্দরে প্যাকিং ও র‍্যাপিং মেশিনের ঘোষণায় আমদানি করা চালানে সিগারেট তৈরি ও প্যাকেটজাতকরণের সাতটি মেশিনসমন্বিত একটি সম্পূর্ণ প্ল্যান্ট আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। প্রাথমিকভাবে ছয়টি মেশিনের তথ্য জানানো হলেও বিস্তারিত পরীক্ষায় মোট সাতটি মেশিন শনাক্ত হয়েছে।

আমদানি ঘোষণায় চালানটি ছয়টি প্যাকেজে দেখানো হয়েছে।

 

​বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

 

​এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন জানান, ঢাকার মিরপুরের বাণিজ্যিক আমদানিকারক ‘জেআর বিজনেস ওয়ার্ল্ড’ (বিআইএন ০০৯০৩৫৩৪৪-০৪০১) সংযুক্ত আরব আমিরাতের ‘আলী ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ থেকে চালানটি আমদানি করে। গত ৪ নভেম্বর চট্টগ্রাম কাস্টম হাউসে দাখিল করা সি-১৩২১৮৭৮ নম্বর বিল অব এন্ট্রিতে পণ্যটিকে ‘বিএনসি প্যাকিং লাইন মেশিন সেট’ হিসেবে ঘোষণা দেওয়া হয়।

এতে প্যাকিং ও র‍্যাপিং মেশিনের এইচএস কোড ৮৪২২৪০০০ ব্যবহার করা হয়েছিল।

 

​তবে সিআইআইডির পরীক্ষায় চালানে এইচপিএল ২২৫ সিগারেট মেকার, এইচপিএল প্যাকার, এইচপিএল ফিডার, এইচপিএল গ্লুইং মেশিন, সিপি১ সিগারেট প্যাক র‍্যাপিং মেশিন, এসএএসআইবি বক্সার সিগারেট প্যাকিং মেশিন এবং সিগারেট ফিল্ম ওভারর‍্যাপার বা সেলোফেন ওভারর‍্যাপার পাওয়া যায়।

অর্থাৎ, প্যাকিং সরঞ্জামের আড়ালে মূলত সিগারেট তৈরির মূল মেশিনই আমদানি করা হয়েছিল।

 

​মূল্য ও ওজন সংক্রান্ত তথ্য

​ঘোষিত ইনভয়েস মূল্য: ১৭ হাজার ৬০০ মার্কিন ডলার।

​প্রাথমিক আনুমানিক মূল্য: ওয়েবসাইটভিত্তিক তথ্য অনুযায়ী ৪ লাখ ৪৩ হাজার মার্কিন ডলার (ঘোষিত মূল্যের প্রায় ২৫ গুণ)।

​ওজন: মোট ওজন ৫ হাজার ৫০০ কেজি এবং নিট ওজন ৫ হাজার ২২৬ কেজি।

​সিঅ্যান্ডএফ এজেন্ট: এক্সপ্রেস লজিস্টিকস লিমিটেড (এআইএন ৩০১৭৬০৬২১)।

​রপ্তানিকারক প্রতিষ্ঠানটির মূল ব্যবসা তামাক উৎপাদন ও তামাকশিল্পের যন্ত্রপাতি সরবরাহ বলে জানিয়েছে সিআইআইডি।

​ঝুঁকি ও শুল্ক ফাঁকির আশঙ্কা

​সিআইআইডির পর্যবেক্ষণ অনুযায়ী, সিগারেট তৈরির মেশিন বা উৎপাদন লাইন আমদানি দেশের প্রায় ২৯টি সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠান অথবা তাদের অনুমোদিত সরবরাহকারীর মাধ্যমেই হওয়া সমীচীন। এই নিয়মের বাইরে যন্ত্রপাতি আমদানি ও ব্যবহার করা হলে সুপরিচিত ব্র্যান্ড ও শীর্ষ করদাতা প্রতিষ্ঠানগুলোর সিগারেট নকল করে উৎপাদন ও বাজারজাত করার বড় ধরনের ঝুঁকি থাকে।

​এর ফলে একদিকে যেমন সাধারণ ভোক্তারা প্রতারিত হন, অন্যদিকে বৈধ উৎপাদনকারীরা ব্যবসায়িক ক্ষতির মুখে পড়েন এবং সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারায়। প্যাকিং মেশিনের আড়ালে সিগারেট তৈরির উৎপাদন লাইন আমদানির ঘটনায় পণ্যের মিথ্যা ঘোষণার বিষয়টি প্রাথমিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে।

​আমদানিকারক প্রতিষ্ঠানের সঠিকতা, এইচএস কোডের সঠিক শ্রেণিবিন্যাস, প্রকৃত মূল্য, প্রযোজ্য শুল্ক-কর এবং যন্ত্রপাতির চূড়ান্ত ব্যবহার যাচাইয়ের জন্য বিস্তারিত তদন্ত চলছে। সিগারেট খাতের সঠিক রাজস্ব আদায় এবং নকল সিগারেট উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে কাস্টমস গোয়েন্দার অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


   আরও সংবাদ