ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

কোথাও আশ্রয় পাবে না যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৬ ১৪:৫০ অপরাহ্ন | দেখা হয়েছে ১২ বার


কোথাও আশ্রয় পাবে না যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক অভিযান শুরু করলে পশ্চিম এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) সচিব মোহসেন রেজায়ি। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া কোনো মার্কিন সামরিক ঘাঁটিই নিরাপদ থাকবে না।

 

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেন রেজায়ি। তিনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন করে যুদ্ধে জড়ালে অভিযানে অংশ নেওয়া দেশটির সব সামরিক ঘাঁটি ইরানের পাল্টা হামলার বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

 

পোস্টে রেজায়ি লেখেন, ‘যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরু করে, তবে এই আগ্রাসনের সঙ্গে জড়িত প্রতিটি সামরিক ঘাঁটি-পশ্চিম এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত-ইরানের প্রাণঘাতী হামলার বৈধ লক্ষ্যবস্তু হবে।’

তিনি আরও বলেন, ‘কোনো নিরাপদ দূরত্ব নেই, কোনো নিরাপদ আশ্রয় নেই, এমনকি দায়মুক্তিরও সুযোগ নেই।

’

 

এর আগে গত মাসের শেষ দিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি জ্যেষ্ঠ সামরিক কমান্ডারদের সম্ভাব্য যেকোনো শত্রু হুমকির বিরুদ্ধে তাৎক্ষণিক ও কঠোর জবাব দেওয়ার প্রস্তুতি রাখার নির্দেশ দেন। এ ক্ষেত্রে কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা থাকবে না বলেও জানানো হয়।

 

এদিকে বুধবার আল-মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে যুদ্ধের অবসান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে ইরানের অবস্থান তুলে ধরেন রেজায়ি। তিনি বলেন, যেকোনো ধরনের শত্রুতা বন্ধের উদ্যোগে পশ্চিম এশিয়ার সব রণাঙ্গন, বিশেষ করে লেবাননকে অন্তর্ভুক্ত করতে হবে।

সাক্ষাৎকারেও তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র নতুন করে ইরানে সামরিক হামলা চালালে দেশটির সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হানা হবে। এ ক্ষেত্রে ইরান থেকে অনেক দূরে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোও হামলার আওতার বাইরে থাকবে না।

তথ্যসূত্র: তাসনিম নিউজ।


   আরও সংবাদ