ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

চাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৬ ০৯:৩৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৫ বার


চাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার

চাঁদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে দুই দিনে ৫৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৩৮ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে পুলিশ।

অভিযানে ১০০ গ্রাম গাঁজা, ২০৬ পিস ইয়াবা ও ১৪ গ্রাম ভাঙা ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৭ জন নেতাকর্মী এবং মাদকসংশ্লিষ্ট সাতজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

 

শনিবার (১৪ নভেম্বর) সকালে জেলা পুলিশের মিডিয়া সেলের পৃথক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানের নির্দেশনায় ১২ ও ১৩ নভেম্বর (বৃহস্পতিবার ও শুক্রবার) ২৪ ঘণ্টাভিত্তিক পৃথক অভিযানে জেলার বিভিন্ন থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি) এসব ব্যক্তিকে গ্রেপ্তার ও আটক করে।

 

বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী, ১২ নভেম্বরের অভিযানে ২৮ জন আসামিকে গ্রেপ্তার এবং ২০ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়। এ সময় ১৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সাতজন নেতাকর্মী এবং মাদকসংশ্লিষ্ট তিনজন আসামি রয়েছেন।

 

অন্যদিকে, ১৩ নভেম্বরের অভিযানে ৩০ জন আসামিকে গ্রেপ্তার এবং ১৮ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়। এদিন ১০০ গ্রাম গাঁজা, ১৯০ পিস ইয়াবা ও ১৪ গ্রাম ভাঙা ইয়াবা উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০ জন নেতাকর্মী এবং মাদকসংশ্লিষ্ট চারজন আসামি রয়েছেন।

দুই দিনের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ১২ নভেম্বর চাঁদপুর ডিবি পাঁচজন, হাজীগঞ্জ ও শাহরাস্তি থানা একজন করে গ্রেপ্তার করে। ১৩ নভেম্বর চাঁদপুর সদর মডেল থানা একজন, হাইমচর একজন, ফরিদগঞ্জ তিনজন, মতলব দক্ষিণ একজন, মতলব উত্তর একজন এবং শাহরাস্তি থানা তিনজনকে গ্রেপ্তার করে।

এ ছাড়া বিভিন্ন মামলায় দুই দিনে ৩১ জন এবং বিভিন্ন ধারা ও অভিযানে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১২ নভেম্বর চাঁদপুর সদর মডেল থানা চারজন, কচুয়া ছয়জন, হাজীগঞ্জ পাঁচজন ও মতলব উত্তর থানা পাঁচজনকে আটক করে। ১৩ নভেম্বর চাঁদপুর সদর মডেল থানা তিনজন, ফরিদগঞ্জ ছয়জন, মতলব দক্ষিণ ছয়জন ও হাজীগঞ্জ থানা তিনজনকে আটক করে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর জানান, আটক কিশোরদের যাচাই-বাছাই শেষে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


   আরও সংবাদ