ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৩ ফেব্রুয়ারী, ২০২৬ ১৬:০৮ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৩ বার
আর মাত্র আট দিন পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট উৎসব। সময় যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে ভোটের অঙ্ক কষা। প্রার্থীদের ব্যস্ততা এখন চূড়ায়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন তারা, চেষ্টা করছেন শেষ মুহূর্তে মন জয়ের।
এই নির্বাচনে প্রার্থীদের ভাগ্য নির্ধারণে সবচেয়ে বড় নিয়ামক হয়ে উঠছেন নারী ভোটাররা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের মাঠে ফল নির্ধারণে এবার নারীরাই রাখবেন চূড়ান্ত ভূমিকা।
বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগ ও তাদের শরিক দলগুলো এবারের নির্বাচনে অংশ নিতে না পারায় পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের উপস্থিতি তুলনামূলক বেশি হতে পারে। এই বাস্তবতা ভোটের ফলাফলে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের চার জেলার ১৯টি সংসদীয় আসনে একটি সিটি করপোরেশন, ২০টি পৌরসভা ও ৩৩৯টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৮৪ লাখ ৪৫ হাজার ৭১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৩ লাখ ১২ হাজার ১৫৭ জন, নারী ভোটার ৪১ লাখ ৩৩ হাজার ৪৭৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮০ জন।
বিভাগের মধ্যে সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনে একটি সিটি করপোরেশন ও চারটি পৌরসভাসহ ১৩ উপজেলার ১০৬টি ইউনিয়নে মোট ভোটার ২৯ লাখ ১৬ হাজার ৫৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ লাখ ৯৮ হাজার ৯৫৩ জন এবং নারী ভোটার ১৪ লাখ ১৭ হাজার ৬১০ জন।
সুনামগঞ্জের পাঁচটি আসনে চারটি পৌরসভাসহ সব উপজেলার ৮৮টি ইউনিয়নে মোট ভোটার ২০ লাখ ৮০ হাজার ২৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৬০ হাজার ৫৪ জন এবং নারী ভোটার ১০ লাখ ২০ হাজার ১৪৯ জন।
মৌলভীবাজারের চারটি সংসদীয় আসনে পাঁচটি পৌরসভাসহ ৬৭টি ইউনিয়নে মোট ভোটার ১৬ লাখ ১৪ হাজার ৯৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ লাখ ২৪ হাজার ৪৫৪ জন এবং নারী ভোটার ৭ লাখ ৯০ হাজার ৪৭৪ জন।
হবিগঞ্জের চারটি আসনে ছয়টি পৌরসভাসহ ৭৮টি ইউনিয়নে মোট ভোটার ১৮ লাখ ৩৩ হাজার ৯৬২ জন।
এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ২৮ হাজার ৬৯৬ জন এবং নারী ভোটার ৯ লাখ ৫ হাজার ২৪২ জন।
সিলেট জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, সিলেটের ছয়টি আসনে মোট ভোটারের প্রায় অর্ধেকই নারী। চূড়ান্ত ভোটার তালিকায় নারী ভোটারের হার ৪৮ দশমিক ৫ শতাংশ, আর পুরুষ ভোটার ৫১ দশমিক ৫ শতাংশ। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৬ জন।
নির্বাচন কমিশনের তথ্য বলছে, সিলেট জেলার মধ্যে সবচেয়ে বেশি নারী ভোটার রয়েছেন সিলেট-১ আসনে এবং সবচেয়ে কম নারী ভোটার রয়েছে সিলেট-২ আসনে। নারী ভোটারের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে সিলেট-৬ আসন। এরপর পর্যায়ক্রমে সিলেট-৪, সিলেট-৫, সিলেট-৩ ও সিলেট-২ আসন।
সিলেট-১ আসনে মোট ভোটার ৬ লাখ ৮০ হাজার ৯৪৩ জন। এর মধ্যে নারী ভোটার ৩ লাখ ২৭ হাজার ৭৪৭ জন, পুরুষ ভোটার ৩ লাখ ৫৩ হাজার ১৮৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৩ জন।
সিলেট-২ আসনে মোট ভোটার ৩ লাখ ৬৮ হাজার ৯০০ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৮০ হাজার ২৪০ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৮৮ হাজার ৬৬০ জন।
সিলেট-৩ আসনে মোট ভোটার ৪ লাখ ১৫ হাজার ৯৬৬ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৪ হাজার ২৭৮ জন, পুরুষ ভোটার ২ লাখ ১১ হাজার ৬৮৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন।
সিলেট-৪ আসনে মোট ভোটার ৫ লাখ ১২ হাজার ৯৩৩ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৪৫ হাজার ৮০১ জন, পুরুষ ভোটার ২ লাখ ৬৭ হাজার ১৩১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন।
সিলেট-৫ আসনে মোট ভোটার ৪ লাখ ২৮ হাজার ৭৪৬ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৭ হাজার ৩৯০ জন এবং পুরুষ ভোটার ২ লাখ ২১ হাজার ৩৫৬ জন।
সিলেট-৬ আসনে মোট ভোটার ৫ লাখ ৯ হাজার ৯১ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৫২ হাজার ১৫৪ জন এবং পুরুষ ভোটার ২ লাখ ৫৬ হাজার ৯৩৭ জন।
বিভাগজুড়ে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটার এক লাখ ৭৮ হাজার ৬৮২ জন কম হলেও ভোটের হিসাব উল্টে দিতে সক্ষম এই নারী ভোটাররাই। শেষ পর্যন্ত সিলেটের ১৯টি আসনে কারা হাসবেন, তার চূড়ান্ত ফয়সালা আসতে পারে নারী ভোটারদের হাত ধরেই।