ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৬ ১০:৩২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৪ বার
সিলেট নগরের একটি পাঁচ তারকা হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমান, তার দুই ভাই ও টেকনাফ পৌরসভার এক কাউন্সিলরকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে নগরের জল্লারপাড় গ্র্যান্ড প্যালেস হোটেলে এ অভিযান চালানো হয়।
রাত ১২টার দিকে পুলিশের একটি দল হোটেলটি ঘিরে ফেলে। এরপর সেখানে অবস্থানরত ব্যক্তিদের পরিচয় ও প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই করা হয়।
দীর্ঘ পাঁচ ঘণ্টার অভিযান ও যাচাই-বাছাই শেষে বুধবার (২৫ নভেম্বর) ভোর ৫টার দিকে চারজনকে আটক করে পুলিশ।
আটকরা হলেন– কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমান, তার দুই ভাই আব্দুস শুক্কুর ও আমিনুর রহমান আমিন এবং টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে এ অভিযান চালানো হয়।
অভিযান শেষে আটক চারজনকে কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রমের জন্য তাদের সেখানে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে ও তার দুই ভাইকে একসঙ্গে আটকের ঘটনায় নগরীতে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে কক্সবাজারের টেকনাফের রাজনৈতিক ও স্থানীয় জনপ্রতিনিধি পর্যায়ের ব্যক্তিদের সিলেটের একটি অভিজাত হোটেল থেকে আটকের বিষয়টি নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
তবে তারা কী কারণে সিলেটে অবস্থান করছিলেন, কবে থেকে গ্র্যান্ড প্যালেস হোটেলে উঠেছিলেন তা খতিয়ে দেখছে পুলিশ।
আটকের বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।