ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সচিবালয়ে কড়া নিরাপত্তা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ ০৯:৫৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৬ বার


 সচিবালয়ে কড়া নিরাপত্তা

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান আসছেন সচিবালয়ে। প্রথম দিন তিনি সচিবালয়ে অফিস করবেন। আসবেন মন্ত্রীরাও। প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যদের আগমন ঘিরে কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে সচিবালয় ও আশপাশের এলাকায়।

 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় সচিবালয়ে দেখা যায়, ১ নম্বর ভবনের সামনে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীর সদস্যদের পাশাপাশি বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। বসানো হয়েছে আর্চওয়ে। ভবনের এলাকা যানবাহনমুক্ত করে প্রবেশাধিকার সীমিত করা হয়েছে। অন্যান্য ভবনগুলোতেও মন্ত্রীদের নামফলক বসানো হয়েছে।

 

নতুন প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ১ নম্বর ভবন সাজানো হয়েছে নতুন করে। ভবনের নিচে ফুলগাছ দিয়ে মনোরম করা হয়েছে। এ ভবনে তিনি মন্ত্রিসভা বৈঠকে অংশ নেবেন।

প্রথম দিনের কর্মসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

এ ছাড়া জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতেও শ্রদ্ধা জানাবেন তিনি।

 

কর্মসূচি অনুযায়ী, সকাল ১০টায় গুলশানের বাসভবন থেকে সাভারের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে তিনি মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

দুপুর ১টার দিকে সচিবালয়ে পৌঁছে মধ্যাহ্নভোজ ও নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী।

এরপর বিকেল ৩টায় মন্ত্রিসভার বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার। বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায়ও অংশ নেবেন প্রধানমন্ত্রী।

 

প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, নির্ধারিত কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন।


   আরও সংবাদ