ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ১৭:৫৪ অপরাহ্ন | দেখা হয়েছে ২৫ বার
রাজসাক্ষী বানিয়ে বাণিজ্যসহ বিভিন্ন মাধ্যমে আনা অভিযোগগুলো সর্বতোভাবে মিথ্যা এবং ভিত্তিহীন দাবি করে বিবৃতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) তিনি এ বিবৃতি দেন।
বিবৃতিতে বলা হয়েছে, গতকাল এবং আজ কিছু সংখ্যক গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে আমার ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জনৈক প্রসিকিউটরের বরাতে কিছু বিভ্রান্তিমূলক ও মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। এ ব্যাপারে আমার সুস্পষ্ট বক্তব্য হচ্ছে-উক্ত বক্তব্য সম্পূর্ণ মনগড়া, তথ্য-প্রমাণবিহীন এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার দুরভিসন্ধি থেকে করা হয়েছে।
উক্ত বিভ্রান্তিমূলক অভিযোগগুলো সর্বতোভাবে মিথ্যা এবং ভিত্তিহীন।
‘আমি চ্যালেঞ্জ করছি, আমার বিরুদ্ধে আনা এসব অভিযোগের স্বপক্ষে সামান্য তথ্য-প্রমাণও কেউ দেখাতে পারবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমি এবং প্রসিকিউশন টিমের প্রতিটি পদক্ষেপ ছিল স্বচ্ছ এবং আইনসম্মত। আমি মনে করি, পতিত স্বৈরাচার এবং গণহত্যাকারীদের বিরুদ্ধে ন্যায়বিচার-নিষ্পত্তিকৃত ও চলমান বিচার প্রক্রিয়া থেকে দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য একটি মহল সংগঠিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে, যাতে এই বিচার কোনোভাবেই অগ্রসর না হতে পারে।
’
বিবৃতিতে আরও বলা হয়েছে, আমার দায়িত্বকালীন সময়ে আমার বিরুদ্ধে কোনো প্রশ্ন তোলার সুযোগ কেউ পায়নি। আমি বিদায় নেওয়ার পর বিশেষ মহল গণহত্যাকারীদের সুবিধা দেওয়ার জন্য এসব ভিত্তিহীন অভিযোগ তুলে বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। সংশ্লিষ্ট সকলকে এ ধরনের বিভ্রান্তি ও গুজব-অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।