ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বাংলাদেশিদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১ মার্চ, ২০২৬ ১৫:৪২ অপরাহ্ন | দেখা হয়েছে ৩২ বার


 বাংলাদেশিদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার ফলে মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিপ্রেক্ষিতে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের সার্বিক খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ফ্লাইট বাতিলে বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের দেখভালের বিষয়েও কঠোর নির্দেশনা দিয়েছেন তিনি।

রোববার (১ মার্চ) সকালে সচিবালয়ে পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টার সঙ্গে বৈঠককালে তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের এ তথ্য জানান।

 

সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী ইরানের ঘটনাবলীর কারণে মধ্যপ্রাচ্যের দেশসমূহে বাংলাদেশিরা কী অবস্থায় আছেন, সে সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নিয়েছেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যকেন্দ্রিক অনেক ফ্লাইট বাতিল হয়েছে।

এ পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি ও করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।’

 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের বিষয়ে প্রধানমন্ত্রী সজাগ দৃষ্টি রাখছেন জানিয়ে আতিকুর রহমান রুমন বলেন, ‘বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের দেখভাল কীভাবে করা হচ্ছে, তা প্রধানমন্ত্রী সার্বক্ষণিক তদারকি করছেন। তার নির্দেশনা অনুযায়ী বিমান পরিবহনমন্ত্রী ও প্রতিমন্ত্রী কাজ করছেন। যাত্রীদের সহায়তা দিতে বিমান পরিবহন প্রতিমন্ত্রী আজ সকাল থেকেই বিমানবন্দরে অবস্থান করছেন।

এছাড়া প্রবাসীকল্যাণমন্ত্রীও এ কাজে সার্বক্ষণিক নিয়োজিত রয়েছেন।’

 

এর আগে রোববার সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজ দপ্তরে আসেন। দিনের কর্মসূচি অনুযায়ী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।


   আরও সংবাদ