ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২ মার্চ, ২০২৬ ০৯:৫৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৬ বার
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ থাকায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত তিন দিনে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা ও ভোগান্তিতে পড়েছেন।
বিমানবন্দর সূত্র জানায়, শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে ধাপে ধাপে ফ্লাইট বাতিল শুরু হয়।
সোমবার (২ মার্চ) দুপুর পর্যন্ত আরও কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে।
এর মধ্যে শনিবার বাতিল হয় ২৩টি, রোববার সর্বোচ্চ ৪০টি এবং সোমবার দুপুর পর্যন্ত ১১টি ফ্লাইটের যাত্রা স্থগিত করা হয়েছে।
বাতিল হওয়া ফ্লাইটের তালিকায় রয়েছে দেশি-বিদেশি একাধিক বড় এয়ারলাইনস। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২০টি এবং ইউএস-বাংলার ১০টি ফ্লাইট বাতিল হয়েছে।
এ ছাড়া এমিরেটস (সংযুক্ত আরব আমিরাত), গালফ এয়ার (বাহরাইন), ফ্লাইদুবাই (সংযুক্ত আরব আমিরাত) ও এয়ার অ্যারাবিয়ার (সংযুক্ত আরব আমিরাত) একাধিক ফ্লাইট বাতিল হয়েছে।
বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেন, যাত্রীদের নির্ধারিত সময়ের অন্তত চার ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।