ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৩ মার্চ, ২০২৬ ১৩:৩১ অপরাহ্ন | দেখা হয়েছে ২৭ বার
পরিবার-পরিজনের সঙ্গে পবিত্র ঈদের আনন্দ উদযাপন শেষে তৃতীয় দিন থেকেই রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী। কর্মব্যস্ত জীবনে ফেরার তাগিদে গ্রামের বাড়ি থেকে ধীরে ধীরে ঢাকামুখী হচ্ছেন মানুষ।
সোমবার (২৩ মার্চ) সকাল থেকেই রাজধানীর গাবতলী বাস টার্মিনালে এমন চিত্র দেখা গেছে। বাস, ট্রেন ও লঞ্চে যাত্রীদের চাপ বাড়তে শুরু করেছে।
তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ভোগান্তির খবর পাওয়া যায়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ঈদের ছুটি শেষে নগরজীবনে ফিরে এসে আবার স্বাভাবিক কার্যক্রমে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন কর্মজীবী মানুষ। ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী
রাজশাহী ট্রাভেলসের যাত্রী মোহাম্মদ ইউনুস বলেন, ঈদের আগে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে আবার ঢাকায় ফিরেছেন কর্মস্থলে যোগ দিতে।
তিনি জানান, ফেরার পথে কোনো যানজটে পড়তে হয়নি।
গাবতলী এলাকায় একটি পরিবহন কাউন্টারের দায়িত্বে থাকা মেহেদী হাসান বলেন, ঈদের দিনও কিছু যাত্রী ছিল, তবে পরদিন যাত্রী সংখ্যা কমে যায়। তৃতীয় দিনে এসে আবার যাত্রী বাড়তে শুরু করেছে।
তিনি জানান, বর্তমানে ঢাকায় ফেরার যাত্রীর চাপ বেশি।
অগ্রিম টিকিট আগেই বিক্রি হয়ে গেছে, এখন টিকিট পাওয়া কঠিন। তবে ভাড়া বাড়ানো হয়নি এবং সড়কের অবস্থাও আগের তুলনায় ভালো।
খুলনা থেকে আসা হানিফ পরিবহনের যাত্রী মোস্তাফিজুর রহমান বলেন, ঈদের আগে বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়েছেন। যদিও যাওয়ার পথে কিছুটা ভোগান্তি ছিল, তবে ফেরার পথে তেমন কোনো সমস্যা হয়নি।
তিনি আরও বলেন, বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করার কারণে ঈদের তৃতীয় দিনেই ঢাকায় ফিরতে হয়েছে।
সব মিলিয়ে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ছিল বলে মন্তব্য করেন তিনি।
সব মিলিয়ে ঈদের ছুটি শেষে রাজধানীতে ফেরার এই ধারা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে, আর এর সঙ্গে সঙ্গে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরবে নগরজীবন।