ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

হজ-ওমরাহ সেবায় গতি আনতে সম্মত সৌদি-বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৩১ মার্চ, ২০২৬ ০৯:৫১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৭ বার


হজ-ওমরাহ সেবায় গতি আনতে  সম্মত সৌদি-বাংলাদেশ

বাংলাদেশি হজ ও ওমরাহ যাত্রীদের সেবার মানকে আরও গতিশীল ও উন্নত করতে সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে উচ্চপর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (সৌদি স্থানীয় সময় সকাল ১১টা) মদিনার কিং সালমান আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহ এবং বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর মধ্যে এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে হজ ও ওমরাহ সংক্রান্ত সেবা, ব্যবস্থাপনা এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে দুই দেশই একমত হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগের ফলে বাংলাদেশি হাজিদের জন্য সেবায় নতুন গতি আসবে।

 

বৈঠকে ধর্মমন্ত্রী সৌদি আরবের হজ ব্যবস্থাপনার প্রশংসা করে বলেন, বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং মোহাম্মদ বিন সালমান-এর নেতৃত্বে হজ ও ওমরাহ ব্যবস্থাপনায় ব্যাপক উন্নয়ন হয়েছে। বিশেষ করে প্রযুক্তির ব্যবহার ও আধুনিকায়ন এ খাতে নতুন মাত্রা যোগ করেছে। এ জন্য তিনি সৌদি সরকারকে বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান।

দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, ধর্মীয় বন্ধন ও পারস্পরিক আস্থার ভিত্তিতে বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে।

তিনি আশা প্রকাশ করেন, তারেক রহমান-এর নেতৃত্বে এই সম্পর্ক ভবিষ্যতে নতুন উচ্চতায় পৌঁছাবে এবং ধর্মীয়সহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও বাড়বে।

 

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে হজ ও ওমরাহ যাত্রীদের কল্যাণে একটি লিখিত প্রস্তাব সৌদি মন্ত্রীর কাছে তুলে দেওয়া হয়। বৈঠক শেষে উভয় দেশের পক্ষ থেকে সৌজন্য উপহার বিনিময় করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, সৌদিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলওয়ার হোসেনসহ দুই দেশের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

উল্লেখ্য, ধর্মমন্ত্রী বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন এবং তৃতীয় ওমরাহ ও ভিজিট ফোরামে অংশ নিচ্ছেন।


   আরও সংবাদ