ঢাকা, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

৩দিন ছুটির দাবি পূজা উদযাপন পরিষদের

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২ এপ্রিল, ২০২৬ ১৫:২০ অপরাহ্ন | দেখা হয়েছে ২৬ বার


৩দিন ছুটির দাবি পূজা উদযাপন পরিষদের

দুর্গাপূজায় অন্তত তিনদিন ছুটি ঘোষণা, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন এবং অর্পিত ও দেবোত্তর সম্পত্তি আইনসহ বিভিন্ন দাবিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান সংগঠনটির সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা।

তিনি বলেন, দেশের হিন্দু সম্প্রদায়ের নানা সমস্যা ও দাবি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। আলোচনা ছিল আন্তরিক এবং প্রধানমন্ত্রী সব বিষয় মনোযোগ দিয়ে শুনে পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দিয়েছেন।

 

সন্তোষ শর্মা জানান, বৈঠকে জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব বাড়ানোর দাবি জানানো হয়। এ প্রসঙ্গে তিনি একটি ‘সুখবর’ উল্লেখ করে বলেন, তাদের সম্প্রদায় থেকে বিজন কান্তি সরকারকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে।

বৈঠকে আরও যেসব দাবি উত্থাপন করা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে— অর্পিত সম্পত্তি আইন প্রণয়ন; দেবোত্তর সম্পত্তি আইন কার্যকর করা; হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ফাউন্ডেশনে রূপান্তর; সংখ্যালঘু বিষয়ক পৃথক মন্ত্রণালয় ও কমিশন গঠন, এবং দুর্গাপূজায় ছুটি কমপক্ষে তিনদিন করা।

এছাড়া সম্প্রতি বিভিন্ন ঘটনায় সংখ্যালঘুদের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলা প্রত্যাহার, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে সহিংসতার ঘটনায় জড়িতদের বিচার এবং জাতীয় জীবনের সব ক্ষেত্রে আনুপাতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিও জানানো হয়।

 

সন্তোষ শর্মা বলেন, প্রধানমন্ত্রী প্রতিটি বিষয় গুরুত্ব দিয়ে শুনেছেন এবং ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন।


   আরও সংবাদ