ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ অপরাহ্ন | দেখা হয়েছে ১৫ বার
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টার দিকে তিনি বগুড়ায় পৌঁছান।
তার আগমনকে ঘিরে পুরো জেলায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
বগুড়ায় পৌঁছালে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।
ডা. জুবাইদা রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সালমা আক্তার।
এর আগে সোমবার (২০ এপ্রিল) সকাল সোয়া ৬টার দিকে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি বগুড়ার উদ্দেশ্যে রওনা দেন।
এ সময় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলা বগুড়ায় এটিই তার প্রথম সফর।
জানা যায়, বেলা ১১টায় জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন, বেলা সোয়া ১১টায় জজ আদালতের ই-বেইলবন্ড উদ্বোধন, বেলা সাড়ে ১১টায় বগুড়া পৌরসভাকে নবসৃষ্ট বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন, দুপুর পৌনে ১২টায় বগুড়া শহর থেকে গাবতলী উপজেলার বাগবাড়ীতে যাত্রা, বেলা পৌনে ১টায় বাগবাড়ীর জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকা ক্যাম্পেইন উদ্বোধন করবেন।
তার সফর ঘিরে জেলায় উৎসবের আমেজ বিরাজ করছে। প্রায় দুই দশক পর পৈতৃক ভিটায় যাচ্ছেন সরকারপ্রধান। তার আগমনকে ঘিরে পুরো জেলায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।