ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৫ এপ্রিল, ২০২৬ ০৯:৫৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৮ বার
চাঁপাইনবাবগঞ্জে চাঁদা আদায়কে কেন্দ্র করে শ্রমিক সংগঠনের দুটি গ্রুপের বিরোধে একদিন বন্ধ থাকার পর আজ শনিবার (২৫ এপ্রিল) থেকে দূরপাল্লাসহ সব ধরনের বাস চলাচল শুরু হয়েছে।
শনিবার সকালে মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রউফ জুলমত বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন সংবাদ সম্মেলন করে চাঁদা আদায় বন্ধের দাবিতে সকাল থেকে কর্মবিরতি শুরু করলে আন্তঃজেলা ও আন্তঃউপজেলা রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
শ্রমিকদের অভিযোগ, জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এবং জেলা মোটর শ্রমিক ইউনিয়ন, দুই পক্ষই বাস থেকে চাঁদা আদায় করছে, যা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চরমে পৌঁছেছে।
ট্রাক শ্রমিক ইউনিয়নের পক্ষ বলছে, টার্মিনালের বাইরে সড়কে চাঁদা আদায়ের কোনো অধিকার নেই কারও।
অন্যদিকে মোটর শ্রমিক ইউনিয়নের দাবি, তারা নিয়ম মেনেই শুধু বাস থেকে চাঁদা নিচ্ছে; বরং অন্য পক্ষই অবৈধভাবে বাস থেকেও চাঁদা আদায় করছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ উভয় পক্ষকে নিয়ে বৈঠক করলেও সমাধান না হওয়ায় রাত ১২টার দিকে বিবদমান দুইটি গ্রুপকে নিয়ে আলোচনায় বসেন জামায়াত নেতা ও সাবেক সাংসদ লতিফুর রহমান।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ বাস টার্মিনালগুলোতে খোঁজ নিয়ে দেখা গেছে, সকাল থেকে বাস চলাচল শুরু হয়েছে এবং ঢাকা বাস টার্মিনালের কাউন্টারগুলোও খুলেছে।
সোনামসজিদ-রাজশাহী রুটে চলাচলকারী বাস কাউন্টারের টিকিট মাস্টার আব্দুর রহমান রুবেল জানান, সকাল সাতটায় তাদের প্রথম গাড়ি সোনামসজিদ থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে গেছে।
এ বিষয়ে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রউফ জুলমত জানান, জনগণের ভোগান্তির কথা বিবেচনা করে সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান তাদের সংগঠন ও সাইদুর রহমানের সংগঠনকে ডেকে একসাথে সমঝোতায় বসান। সমঝোতার একপর্যায়ে উভয় পক্ষ জনগণের ভোগান্তির কথা বিবেচনা করে বাস ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। চাঁদা আদায়ের বিষয়টি নিয়ে দ্বিতীয় দফা বৈঠকের পর এর সমাধান করা হবে বলে সিদ্ধান্ত হয়।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সাইদুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।