ঢাকা, শুক্রবার, ০১ মে ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

কেমিক্যাল মেশানো অপরিপক্ব আম বিক্রি

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১ মে, ২০২৬ ১৭:৩৪ অপরাহ্ন | দেখা হয়েছে ১৭ বার


কেমিক্যাল মেশানো অপরিপক্ব আম বিক্রি

নীলফামারীর সৈয়দপুরে ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে অপরিপক্ব আম মজুত ও বিক্রির দায়ে এক ফল ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

  

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেন। এতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নীলফামারী জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা শিহাব উদ্দীন, সৈয়দপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার এস এম আরেফিন বিন আমীন ও থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

জানা যায়, শহরের পাঁচমাথা মোড়ের মিতু ফল ভাণ্ডার নামের একটি ফলের আড়তে ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে অপরিপক্ব আম মজুত ও বিক্রি করছিলেন। এতে কেমিক্যাল মিশিয়ে অপরিপক্ব আম পাকিয়ে বিক্রি করার দায়ে দোকানের মালিক মাকসুদ আলমকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এ সময় ২২০ কেজি অপরিপক্ব আম জব্দ ও ধ্বংস করা হয়।

 

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. সিহাব উদ্দিন বলেন, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি জোরদার করা হয়েছে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


   আরও সংবাদ