ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৩ জুন, ২০২৬ ১০:২২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৭ বার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটির তৎপরতা ঠেকাতে নানা পদক্ষেপের মধ্যে মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর চিত্র অন্যান্য দিনের মতোই স্বাভাবিক দেখা গেছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনা সদস্যদের টহল, বাড়তি পুলিশ মোতায়েন, চেকপোস্টে তল্লাশি করতে দেখা গেছে।
আর গুলিস্তানে আওয়ামী লীগ কার্যালয়ের রাস্তা বন্ধ করে রাখা হয়েছে। সেখানে বাড়তি পুলিশ মোতায়েন দেখা যায়।
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর দ্বিতীয়বারের মতো প্রতিষ্ঠাবার্ষিকী যাচ্ছে আওয়ামী লীগের। ২০২৪ সালের আগস্টে সরকার পতনের পর ২০২৫ সাল থেকে দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।
তবে এবার দলটির কতিপয় নেতা-কর্মীকে বেশ কিছু দিন ধরে বিচ্ছিন্নভাবে মিছিল করতে দেখা যাচ্ছে। এর মধ্যে সম্প্রতি গাজীপুরে যুবলীগের মিছিল থেকে পুলিশকে ‘সামনে আসবি না, মাইরা ফালামু হুমকি দিতে শোনা যায়’।
সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ঢাকাসহ ছয় জেলায় সেনা মোতায়েন করা হয়েছে।
এদিন সকাল পৌনে ৮টার দিকে রাজধানীর ধোলাইপাড় এলাকায় সেনাবাহিনীর টহল টিম দেখা গেছে। বেশ কয়েকটি গাড়িতে করে সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন।
সকাল ৮টা ৫০ মিনিটের দিকে যাত্রাবাড়ী এলাকায় যান চলাচল স্বাভাবিক দেখা যায়। মোড়ে বাড়তি পুলিশ মোতায়েন ছিল।

সকাল ঠিক ৮টায় গুলিস্তানে আওয়ামী লীগ কার্যালয়ের সামনের সড়কে দেখা যায় ডাইভার্সন দিয়ে রাখা হয়েছে। সেখানে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সময়ে জিপিও ও জিরো পয়েন্ট এলাকায় যান চলাচল স্বাভাবিক দেখা যায়।
সকাল ৮টা ২ মিনিটে আব্দুল গনি রোডে সচিবালয়ের সামনে পুলিশ সদস্যদের চেকপোস্ট দেখা যায়। সচিবালয়ের সামনে একটি জলকামান দেখা যায়।
এছাড়া রাজধানীর মৎস্য ভবন মোড়, মিন্টো রোড, মগবাজার, হাতিরঝিল, নতুন বাজার এলাকায় যান চলাচল স্বাভাবিক দেখা গেছে।