ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৮ অগাস্ট, ২০২৬ ১৬:২৩ অপরাহ্ন | দেখা হয়েছে ৮ বার
নারীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে রাজধানীর সড়কে নেমেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ‘মহিলা বাস সার্ভিস’। যা ‘পিংক বাস’ নামে পরিচিত।
নারী চালক ও কন্ডাক্টর পরিচালিত এ বিশেষ বাস সার্ভিসে প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া মিলিয়ে ১৪টি বাস যুক্ত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে ‘মহিলা বাস সার্ভিস’ উদ্বোধন করা হয়।
উদ্বোধন করা নতুন এই সেবা নিয়ে নারী যাত্রীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে কর্মজীবী নারী ও শিক্ষার্থীদের জন্য আলাদা এই বাস গণপরিবহনে নিরাপত্তা ও স্বস্তির নতুন সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।
ঢাকায় কোন কোন রুটে পিংক বাস
প্রাথমিক পর্যায়ে রাজধানীতে ১০ রুটে ১০ বাস চলবে। বিআরটিসির দেওয়া রুট তালিকা অনুযায়ী গুরুত্বপূর্ণ কয়েকটি রুট ও স্টপেজ হলো—
নতুন বাজার (কোকাকোলা)-মতিঝিল: কোকাকোলা, নতুন বাজার, উত্তর বাড্ডা, মধ্য বাড্ডা, মেরুল বাড্ডা, রামপুরা, আবুল হোটেল, মালিবাগ, কাকরাইল, পল্টন, গুলিস্তান ও মতিঝিল।
তালতলা-মতিঝিল: তালতলা, খিলগাঁও রেলগেট, বাসাবো, বৌদ্ধ মন্দির, মুগদা, কমলাপুর রেলস্টেশন, আরামবাগ, শাপলা চত্বর, সচিবালয় হয়ে মতিঝিল।
ডেমরা স্টাফ কোয়ার্টার-জিপিও: ডেমরা স্টাফ কোয়ার্টার, বাঁশের পুল, কাজলা, যাত্রাবাড়ী, জনপথ মোড়, সায়েদাবাদ, গুলিস্তান, পল্টন, সচিবালয় ও জিপিও।
এ ছাড়া মিরপুর-১০, মিরপুর-১২, মিরপুর-১, নারায়ণগঞ্জ, মোহাম্মদপুর, আদাবর এবং গাজীপুর-বিমানবন্দর রুটেও বিশেষ বাস রাখা হয়েছে। ঢাকার বিভিন্ন রুটের তালিকায় মিরপুর, মতিঝিল, গুলিস্তান, পল্টন, শাহবাগ, ফার্মগেট, গাবতলী, শ্যামলীসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলো যুক্ত রয়েছে।
বিআরটিসির হিসাবে, ঢাকার ১০ বাসের মধ্যে একটি একতলা এবং নয়টি দ্বিতল বাস। চট্টগ্রামে দুটি ও বগুড়ায় দুটি বাস দিয়ে সেবা শুরু হয়েছে।
টিকিট কীভাবে, ভাড়া কত?
বাসে ই-টিকিট সিস্টেম চালু করেছে বিআরটিসি। সম্প্রতি বিআরটিসি ও ‘সহজ ডট কম’র (shohoz.com মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর ফলে নারীরা বাসে ওঠার আগেই ডিজিটাল উপায়ে সহজে টিকিট সংগ্রহ করতে পারবেন, যা কাউন্টারের নির্ভরতা ও অপেক্ষার সময় কমাবে। পাশাপাশি যাত্রীদের সুবিধার্থে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা ডিপো, বাস ও কাউন্টারের দৃশ্যমান স্থানে টাঙিয়ে দেওয়া হয়েছে। চট্টগ্রামের পিংক বাসে অবশ্য দূরত্বভেদে ভাড়া ১০ থেকে সর্বোচ্চ ৬৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
শুধু বাস নয়, নিরাপত্তাতেও গুরুত্ব
পিংক বাসের অন্যতম বড় বৈশিষ্ট্য হলো বাসের চালক ও কন্ডাক্টর হিসেবে থাকছেন নারী কর্মীরা। ফলে নারী যাত্রীরা নারী চালক ও নারী কন্ডাক্টরের পাশাপাশি নারী সহযাত্রীদের সঙ্গে যাতায়াতের সুযোগ পাচ্ছেন।
এ ছাড়া বাস ও কাউন্টারের দৃশ্যমান স্থানে নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিটি বাসে ভেহিক্যাল ট্র্যাকিং সিস্টেম (ভিটিএস) সংযোজন করা হয়েছে, যাতে বাসের চলাচল পর্যবেক্ষণ করা যায়।
বিআরটিসি জানিয়েছে, যাত্রীদের ওঠানামার প্রক্রিয়া আরও সহজ করতে নির্ধারিত স্টপেজে বাস থামানো হবে। এতে ইচ্ছেমতো যাত্রী ওঠানামার প্রবণতা কমার পাশাপাশি নারী যাত্রীদের নিরাপত্তাও বাড়বে।
যাত্রীরা কী বলছেন?
উদ্বোধনের দিন নারী যাত্রীদের মধ্যে নতুন এই সেবা নিয়ে উৎসাহ দেখা গেছে। তেজগাঁওয়ে পিংক বাসে ওঠা এক নারী যাত্রী ঐশি বলেন, সাধারণ বাসে চলাচলের সময় নারীদের নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়। নারী চালক, সহকারী ও নারী যাত্রী থাকায় এই পিংক বাসে নিরাপত্তা বেশি মনে হচ্ছে।
কর্মজীবী ও শিক্ষার্থীদের প্রত্যাশা, বাসগুলো নিয়মিত, সময়মতো এবং নির্ধারিত রুটে চললে প্রতিদিনের যাতায়াতে ভোগান্তি অনেকটাই কমবে। বিশেষ করে অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের ব্যস্ত সময়ে এ সেবা কার্যকর হলে নারীদের জন্য এটি গুরুত্বপূর্ণ গণপরিবহন বিকল্প হয়ে উঠতে পারে।
আরও বাড়বে পিংক বাস
বিআরটিসি জানিয়েছে, যাত্রী চাহিদা ও সেবার সাড়া বিবেচনা করে ভবিষ্যতে পিংক বাসের সংখ্যা এবং রুট বাড়ানোর পরিকল্পনা রয়েছে। ফলে শুরুতে ১৪ বাস দিয়ে যাত্রা শুরু করলেও সফলতা এলে রাজধানীসহ দেশের অন্যান্য শহরেও এ সেবার পরিধি বাড়তে পারে। আর নারী চালক-কন্ডাক্টরদের যুক্ত করার মধ্য দিয়ে শুধু নিরাপদ যাতায়াতই নয়, পরিবহনখাতে নারীদের কর্মসংস্থানের সুযোগও তৈরি হচ্ছে।
সব মিলিয়ে নির্দিষ্ট স্টপেজ, ই-টিকিটিং, ভিটিএস, নারী চালক-কন্ডাক্টর এবং শুধু নারী যাত্রীদের জন্য আলাদা পরিবহন, এই পাঁচ বৈশিষ্ট্যেই পিংক বাসকে রাজধানীর গণপরিবহনে একটি নতুন সংযোজন হিসেবে দেখা হচ্ছে। নিয়মিত ও নির্ভরযোগ্যভাবে সেবা পরিচালনা করা গেলে নারীদের দৈনন্দিন যাতায়াতে এটি স্বস্তির নতুন ঠিকানা হয়ে উঠতে পারে।