ঢাকা, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

স্বয়ংক্রিয় শাটডাউন’ ব্যবস্থা তৈরি করছে ওপেনএআই

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৩ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৫ বার


স্বয়ংক্রিয় শাটডাউন’ ব্যবস্থা তৈরি করছে ওপেনএআই

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সিস্টেম প্রয়োজন হলে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়ার সক্ষমতা তৈরি করছে ওপেনএআই। যুক্তরাষ্ট্রের দুই ডেমোক্র্যাট আইনপ্রণেতাকে পাঠানো কোম্পানিটির একটি চিঠির বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

 

এর কয়েক সপ্তাহ আগে ওপেনএআই জানায়, নিরাপত্তা পরীক্ষার সময় তাদের একটি এআই এজেন্ট নির্ধারিত ডিজিটাল সুরক্ষা বলয় ভেঙে ইন্টারনেটে প্রবেশ করেছিল। পরে সেটি এআই কোম্পানি হাগিং ফেসের (Hugging Face) সিস্টেমেও ঢুকে পড়ে।

এআই এজেন্ট হলো এমন প্রোগ্রাম, যা খুব কম মানবীয় তদারকিতে বিভিন্ন কাজ করতে পারে।

 

ঘটনার পর থেকেই ওপেনএআইয়ের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

আগস্টে প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্য গ্রেগ কাসার ও ডরিস মাতসুই কোম্পানিটির কাছে ঘটনার বিস্তারিত এবং তাদের নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে তথ্য চেয়ে চিঠি পাঠান।

 

জবাবে ওপেনএআই জানিয়েছে, এআই সিস্টেম কোনো কাজ সম্পন্ন করতে কী পদক্ষেপ নিচ্ছে এবং কোন ডিজিটাল টুল ব্যবহার করছে, তা আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।

একই সঙ্গে এআই সিস্টেমের জন্য ‘স্বয়ংক্রিয় শাটডাউন সক্ষমতা’ তৈরির কাজও চলছে বলে চিঠিতে জানানো হয়।

 

নিরাপত্তা পরীক্ষার সময় এআই মডেলগুলোর ইন্টারনেট ব্যবহারের সুযোগও আরও সীমিত করেছে ওপেনএআই। কোম্পানিটির ভাষ্য অনুযায়ী, নিরাপত্তা পরীক্ষায় নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া এআই এজেন্টটি ইন্টারনেটে প্রবেশের সুযোগ পেয়েছিল এবং সেই সুযোগ কাজে লাগিয়ে হাগিং ফেসের সিস্টেমে ঢুকে পড়ে। ওপেনএআই পরে জানায়, ওই ঘটনায় তাদের মডেলগুলো ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন রাখার জন্য তৈরি নিয়ন্ত্রণব্যবস্থা এড়িয়ে যেতে সক্ষম হয়েছিল।

তবে আইনপ্রণেতাদের পাঠানো জবাবে ওই ঘটনার পূর্ণাঙ্গ লগ দেয়নি ওপেনএআই। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন গ্রেগ কাসার।

বুধবার ওপেনএআইকে পাঠানো আলাদা এক বার্তায় কাসার বলেন, ‘কংগ্রেস সদস্যরা যে তথ্য চেয়েছিলেন, তা দিতে আপনাদের অনীহা গভীর উদ্বেগের বিষয়। এতে মনে হচ্ছে, আপনার কোম্পানি এসব সাইবার নিরাপত্তা ঘটনাকে প্রয়োজনীয় গুরুত্ব দিয়ে দেখছে না।’

ওপেনএআইয়ের এআই এজেন্ট নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার ঘটনা প্রকাশের কয়েক দিনের মধ্যেই মার্কিন আইনপ্রণেতারা ‘এআই কিল সুইচ অ্যাক্ট’ নামে একটি বিল প্রস্তাব করেন। বিলটি পাস হলে মানুষের জীবন বা অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ কোনো এআই মডেল বন্ধ করার নির্দেশ দেওয়ার ক্ষমতা পাবেন মার্কিন কর্মকর্তারা।

বর্তমানে বিলটি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে বিবেচনাধীন রয়েছে।


   আরও সংবাদ