ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২৬ ০৯:৫৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪ বার
সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৬৭ জন নেত্রী।
শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তারা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
দলের দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।
দলীয় সূত্র জানায়, মনোনয়ন ফরম সংগ্রহকারীদের মধ্যে বিএনপির সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় নেত্রী এবং জেলা ও মহানগর পর্যায়ের সংগঠকেরা রয়েছেন।
মনোনয়নপ্রত্যাশী নেত্রীরা জানান, বিগত দিনের আন্দোলন-সংগ্রামে রাজপথে তাদের সক্রিয় ভূমিকা ছিল। তাদের অনেকে বিভিন্ন সময়ে নির্যাতনের শিকার হয়েছেন।
এসব ত্যাগের মূল্যায়ন করে দলের শীর্ষ নেতৃত্ব তাদের মনোনয়ন দেবে বলে আশা করছেন তারা। সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পেলে নিজ নিজ এলাকার পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেছেন মনোনয়নপ্রত্যাশীরা।
তবে একটি আসনের উপনির্বাচনে ৬৭ জন মনোনয়নপ্রত্যাশীর মধ্য থেকে যাচাই-বাছাই শেষে একজনকেই চূড়ান্ত মনোনয়ন দেবে বিএনপির হাইকমান্ড।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করা হয়। ফরম সংগ্রহকারীদের তা পূরণ করে শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে হবে।
পরবর্তী সময়ে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পাওয়া প্রার্থীকে উপনির্বাচনে অংশ নিতে নির্বাচন কমিশনে (ইসি) আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিতে হবে।