ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২৬ ০৯:৪২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪ বার
মুম্বাইয়ের জুহু এলাকায় বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি। ফুটবল মাঠ থেকে বিএমডব্লিউ গাড়িতে ফেরার পথে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে অন্তত পাঁচ রাউন্ড গুলি ছোড়ে।
ষষ্ঠবার গুলি চালানোর চেষ্টা করলে বন্দুকটি আটকে যায় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
ঘটনার সিসিটিভি ও ভিডিও ফুটেজে দেখা গেছে, মোটরসাইকেলে আসা তিনজনের মধ্যে দুজন গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। এতে টাইগারের গাড়িচালক ফেরদৌস এবং কাছাকাছি থাকা আরেক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে আহত হন।
চালক আহত হওয়ার পর টাইগার নিজেই গাড়ির চালকের আসনে বসেন। পরে দ্রুত গাড়ি চালিয়ে আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান তিনি।
ঘটনার পর লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য পরিচয়ে অনিল পণ্ডিত নামে এক ব্যক্তি অডিও বার্তার মাধ্যমে হামলার দায় স্বীকার করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওই বার্তায় দাবি করা হয়, বলিউড অভিনেতা সালমান খানের সঙ্গে ঘনিষ্ঠতা এবং তাদের নির্দেশ অমান্য করার কারণে টাইগারকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
ঘটনার পর মহারাষ্ট্র সরকার দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। মুম্বাই পুলিশও তদন্ত শুরু করেছে। হামলায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে।
পুলিশের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, টাইগার শ্রফ নিরাপদে আছেন। হামলার পেছনের কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।
তথ্যসূত্র: এনডিটিভি।