ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বাধা দিলে প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলীয় ঐক্যের

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৮ অক্টোবর, ২০২৬ ০৯:৫২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৬ বার


বাধা দিলে প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলীয় ঐক্যের

আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার আহ্বান জানিয়েছে ১১ দলীয় ঐক্য। একইসঙ্গে এই কর্মসূচিতে কোনো পক্ষ থেকে অপতৎপরতা চালানো হলে যেকোনো মূল্যে তা প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন জোটের শীর্ষ নেতারা।

 

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর মিন্টোরোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। সভা শেষে বেলা সাড়ে ১১টায় সাংবাদিকদের ব্রিফ করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমেদসহ জোটের শীর্ষ নেতারা।

ব্রিফিংয়ে মামুনুল হক বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই ও শাপলা চত্বরের গণহত্যার বিচার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, বিদ্যুৎ-গ্যাস সংকট নিরসন এবং দুর্নীতি-চাঁদাবাজি বন্ধের দাবিতে আগামী ৩১ অক্টোবর তৃতীয় ধাপে এই লংমার্চ অনুষ্ঠিত হবে।

ওই দিন সকাল ৭টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে উদ্বোধনী সমাবেশের মাধ্যমে কর্মসূচি শুরু হবে এবং পর্যায়ক্রমে বিভিন্ন স্থানে সমাবেশ শেষে কুষ্টিয়ায় গিয়ে তা শেষ হবে।

 

লংমার্চে কোনো বাধা এলে তা প্রতিহতের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, প্রশাসন আমাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে।

তবে কোনো পক্ষ অপতৎপরতা চালালে যেকোনো মূল্যে তা প্রতিহত করে লংমার্চ সফল করা হবে।

 

গোপালগঞ্জের ওপর দিয়ে লংমার্চ যাওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মামুনুল হক বলেন, আমরা কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কা করছি না। সেখানে ইসলামপন্থি ও বিপুলসংখ্যক দেশপ্রেমিক মানুষ অংশ নেবেন। কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি সৃষ্টি হলে তার দায় সরকার ও প্রশাসনকেই নিতে হবে।

সরকারের সমালোচনা করে খেলাফত মজলিসের আমির বলেন, বিরোধী দল সরকারকে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করলেও সরকারের আচরণে তার প্রতিফলন নেই। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ইসি সচিব পর্যায়ে দলীয় বিবেচনায় নিয়োগ এবং ঠাকুরগাঁও উপনির্বাচনে ইসির ভূমিকা আমাদের উদ্বিগ্ন করেছে। ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেললে প্রয়োজনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বড় ধরনের কর্মসূচি দেওয়া হবে।

এ ছাড়া পুলিশের আইজিপির বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা ক্রসফায়ার সংক্রান্ত সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা করে তিনি একে ‘অত্যন্ত উদ্বেগজনক’ বলে আখ্যা দেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর সাম্প্রতিক রাষ্ট্রীয় সফরকে ‘বিনোদনমূলক সফর’ আখ্যা দিয়ে তিনি বলেন, রাষ্ট্রীয় প্রতিনিধিত্বের উপযুক্ততা নেই, এমন ব্যক্তিদের এই সফরে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বৈঠকে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমীর মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির আল্লামা আবু জাফর, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বিডিপির চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চান প্রমুখ।


   আরও সংবাদ