ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

গাজার আহত শিশুদের চিকিৎসায় পৌনে ২ কোটি টাকা তুললেন হামজা চৌধুরী

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২৬ ১০:০৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৮ বার


গাজার আহত শিশুদের চিকিৎসায় পৌনে ২ কোটি টাকা তুললেন হামজা চৌধুরী

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজার শিশুদের জরুরি চিকিৎসায় সহায়তার জন্য তহবিল সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী। নুজুম স্পোর্টসের সহযোগিতায় আয়োজিত একটি দাতব্য অনুষ্ঠান থেকে ১ লাখ পাউন্ডের বেশি অর্থ সংগ্রহ করেছেন তিনি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকা।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় হামজা জানান, সংগৃহীত অর্থের পুরোটা গাজার শিশুদের চিকিৎসায় ব্যয় করা হবে। ‘চিলড্রেন নট নাম্বারস’ নামের একটি মানবিক সংস্থার মাধ্যমে যুদ্ধাহত শিশুদের দ্রুত বিদেশে বা নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করাই এ তহবিলের মূল লক্ষ্য।

 

এই উদ্যোগে পাশে দাঁড়ানো ও অনুদান দেওয়া সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের এই অধিনায়ক। বার্তায় তিনি লেখেন, গাজার মানুষের অসীম দুঃখ-দুর্দশার তুলনায় এ সহায়তা হয়তো খুবই সামান্য।

তবে ছোট উদ্যোগও বড় পরিবর্তনের সূচনা করতে পারে। বার্তার শেষে নিপীড়িত ফিলিস্তিনিদের মুক্তি ও শান্তির জন্য দোয়া প্রার্থনা করেন তিনি।

 

মাঠের বাইরে হামজার এই মানবিক উদ্যোগ যখন প্রশংসিত হচ্ছে, তখন মাঠের লড়াইয়ের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী ৫ নভেম্বর থেকে ঢাকায় শুরু হতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। পল্টনের জাতীয় স্টেডিয়ামে কোচ থমাস ডুলির অধীনে ৩০ সদস্যের প্রাথমিক দল নিয়ে চলছে লাল-সবুজের প্রতিনিধিদের অনুশীলন।

টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে ক্লাব ফুটবলের ব্যস্ততার কারণে প্রথম ম্যাচে হামজা চৌধুরী ও ইংল্যান্ডে খেলা ফারহান আলী ওয়াহিদকে পাচ্ছে না দল। ফিফা উইন্ডো শুরু হলে আগামী ৯ নভেম্বর এই দুই তারকা ঢাকায় এসে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন।


   আরও সংবাদ