ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আধুনিক জ্ঞান-বিজ্ঞানে দক্ষ হয়ে দেশ গঠনে শিক্ষার্থীদের আহ্বান রাষ্ট্রপতির

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২০ নভেম্বর, ২০২৬ ১৬:২৭ অপরাহ্ন | দেখা হয়েছে ২৪ বার


আধুনিক জ্ঞান-বিজ্ঞানে দক্ষ হয়ে দেশ গঠনে শিক্ষার্থীদের আহ্বান রাষ্ট্রপতির

আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জন করে দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

 

রাষ্ট্রপতি বলেন, বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজানো প্রয়োজন। শিক্ষার্থীরা উচ্চশিক্ষা শেষ করে বের হলেও অনেক ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে না।

এ পরিস্থিতি থেকে উত্তরণে শিক্ষাব্যবস্থাকে আরও কার্যকর ও কর্মমুখী করতে হবে।

 

তিনি বলেন, শিক্ষার সঙ্গে আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সমন্বয় ঘটাতে হবে।

শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব জীবনে কাজে লাগিয়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে এবং দেশের উন্নয়নে অবদান রাখতে পারে।

 

 

 

বক্তব্যে রাষ্ট্রপতি ঢাকা কলেজে কাটানো জীবনের বিভিন্ন স্মৃতির কথা তুলে ধরেন।

পাশাপাশি দেশের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও বিভিন্ন জাতীয় আন্দোলনে প্রতিষ্ঠানটির গৌরবোজ্জ্বল ইতিহাস ও অবদানের কথা স্মরণ করেন।
.

 

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আধুনিক জ্ঞান-বিজ্ঞানে দক্ষ হয়ে নিজেদের দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত করতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এবং যোগাযোগমন্ত্রী শেখ রবিউল আলমসহ অন্যরা।

এ ছাড়া ঢাকা কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি এবং সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


   আরও সংবাদ