ঢাকা, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

নতুন ডিজাইনের ১০ টাকার নোট বাজারে আসছে

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৩ ফেব্রুয়ারী, ২০২৬ ০৯:৫৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৭ বার


নতুন ডিজাইনের ১০ টাকার নোট বাজারে আসছে

‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট বাজারে আসছে।

সোমবার (২ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকার ১০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও ২ টাকা মূল্যমানের নতুন নোট মুদ্রণের কার্যক্রম গ্রহণ করেছে। এরই মধ্যে ১০০০, ৫০০, ১০০, ৫০ ও ২০ টাকা মূল্যমানের নোট বাজারে প্রচলনে দেওয়া হয়েছে।

এর ধারাবাহিকতায় গভর্নর ড. আহসান হাবিব মনসুরের স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে প্রথমবারের মতো বাজারে প্রচলনে দেওয়া হবে।

 

নোটটি প্রাথমিকভাবে মঙ্গলবার থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও এই নোট বিতরণ করা হবে।

বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য থিমের ১০ টাকা মূল্যমানের এই ব্যাংক নোটের ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্য সম্পর্কে জানানো হয়েছে, নোটটির আকার নির্ধারণ করা হয়েছে ১২৩ মিলিমিটার × ৬০ মিলিমিটার।

নোটের সম্মুখভাগের বাম পাশে ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ছবি রয়েছে। মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি মুদ্রিত। নোটের পেছনভাগে রয়েছে ‘গ্রাফিতি–২০২৪’-এর ছবি। নোটটির প্রধান রঙ গোলাপি।

 

নোটে জলছাপ হিসেবে রয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখ। এর নিচে উজ্জ্বল ইলেকট্রোটাইপ জলছাপে ‘১০’ এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম সংযোজন করা হয়েছে।

নোটটির সম্মুখভাগের বাম পাশে ২ মিলিমিটার চওড়া নিরাপত্তা সুতা সংযোজন করা হয়েছে, যাতে ‘১০ দশ টাকা’ লেখা রয়েছে। এটি আলোর বিপরীতে ধরলে স্পষ্টভাবে দৃশ্যমান হবে। নোটটি নাড়াচাড়া করলে নিরাপত্তা সুতার রং লাল থেকে সবুজে পরিবর্তিত হয়।

 

গভর্নরের স্বাক্ষরের ডান পাশে একটি বিশেষ প্যাটার্ন মুদ্রিত রয়েছে, যা আলোর বিপরীতে ধরলে ‘১০’ লেখা দেখা যায়। এছাড়া নোটের সম্মুখভাগের উপরের অংশে ‘বাংলাদেশ ব্যাংক’ লেখার নিচে সমান্তরালভাবে এবং পেছনভাগের বাম দিকের প্যাটার্নের বাইরের অংশে মাইক্রোপ্রিন্ট হিসেবে ‘বাংলাদেশ ব্যাংক’ মুদ্রিত রয়েছে।

নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের ১০ টাকা মূল্যমানের নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা যথারীতি চালু থাকবে। একই সঙ্গে মুদ্রা সংগ্রাহকদের চাহিদা বিবেচনায় নিয়মিত নোটের পাশাপাশি ১০ টাকা মূল্যমানের নমুনা নোট (যা বিনিময়যোগ্য নয়) মুদ্রণ করা হয়েছে। এসব নমুনা নোট মিরপুরে অবস্থিত টাকা জাদুঘর বিভাগ থেকে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে।


   আরও সংবাদ