ঢাকা, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

নীরব-জোন জনসচেতনতা সমাবেশ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৩ ফেব্রুয়ারী, ২০২৬ ১৬:৫৬ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৪ বার


 নীরব-জোন জনসচেতনতা সমাবেশ

শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ সুরক্ষার লক্ষ্যে সচিবালয় এলাকায় ‘নীরব জোন’ (Silent Zone) কঠোরভাবে বাস্তবায়নের জন্য সমন্বিত অভিযান ও জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সচিবালয়ের সামনের মৎস্য ভবন ক্রসিংয়ে সমন্বিত অভিযান ও জনসচেতনতামূলক সমাবেশ পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৫’-এর গেজেট প্রকাশিত হয়েছে।

সেখানে আইনগতভাবে পরিবেশ অধিদপ্তরের পাশাপাশি পুলিশকেও দায়িত্ব দেওয়া হয়েছে। কারণ, তারাই সারাক্ষণ রাস্তায় থাকে। তারা যেন শব্দ দূষণকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারে। ইতোমধ্যে ঢাকার বেশ কয়েকটি এলাকাকে নীরব এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে।

 

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার, বিপিএম-সেবা, (অতিরিক্ত আইজি) বলেন, দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫-এর আলোকে বিমানবন্দর, সচিবালয়সহ সকল নীরব এলাকায় হর্ন বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ। এই বিধান লঙ্ঘন করলে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা অথবা ৩ মাসের কারাদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। বাস্তবায়নের শুরুতে ট্রাফিক পুলিশ প্রথমবার লঙ্ঘন করলে ২,৫০০ টাকা জরিমানা ও পরবর্তীতে (পুনরাবৃত্তি হলে) ৫,০০০ টাকা জরিমানা করবে। ডিজিটাল ডিভাইস ব্যবহার করে হর্ন বাজানো শনাক্ত করা হবে।

 

অভিযানে অংশগ্রহণ করে একাধিক সরকারি দপ্তর ও প্রতিষ্ঠান, যার মধ্যে রয়েছে- ঢাকা মেট্রোপলিটন পুলিশ, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ও পরিবেশ অধিদপ্তর।

অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক; ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান উপস্থিত ছিলেন।


   আরও সংবাদ