ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সবাইকে নিয়ে কাজ করতে চাই

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১৩:০৪ অপরাহ্ন | দেখা হয়েছে ৪৫ বার


সবাইকে নিয়ে কাজ করতে চাই

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, সবার কাছে আমার অনুরোধ, আমি কাজগুলো বুঝে সাবেক কাউন্সিলরদের এবং আমাদের কর্মকর্তাদের সঙ্গে বসবো। আমি ব্যর্থ হলে এই ব্যর্থতা হবে দলের এবং আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যর্থতা হবে। আপনারা কী চান তারেক রহমান ব্যর্থ হোক? চান না।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) নগর ভবনে প্রশাসকের দায়িত্ব গ্রহণকালে তিনি এ কথা বলেন।

 

তিনি জানান, আমি ৬০ দিনের কর্মসূচি হাতে নেবো। এই ৬০ দিনে নারায়ণগঞ্জকে ক্লিন সিটিতে পরিণত করবো। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ রেখে আমাদের প্রধানমন্ত্রী আমাদের ৩০ মিনিট ব্রিফিং দিয়েছেন। একজন বিশেষজ্ঞকে যিনি ডেঙ্গু নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছেন, তার সাথে আমাদের কথা বলিয়ে দিয়েছেন।

সামনে মশার মৌসুম, এই সময় নারায়ণগঞ্জবাসী যেন ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত না হয়, তার জন্য আমাকে কর্মপরিকল্পনা তৈরি করতে বলেছেন। আমরা কাজ করতে পারছি কি না, সেটা তিনি আকস্মিক পরিদর্শনেও দেখবেন।

 

তিনি বলেন, আমরা মশা নিধন ও গ্রিন সিটি গড়ে তুলব। ভাঙা রাস্তা মেরামত এবং সিটি এলাকার খালগুলো পরিষ্কার ও পুনঃখনন করব।

শহরে হাঁটলে মনে হয় ‘তারের শহর’। এগুলো কীভাবে মাটির নিচে দিয়ে নিতে হবে, এজন্য সাত দিনের মধ্যে পরিকল্পনা দিতে হবে।

 

সাখাওয়াত জানান, সিটি কর্পোরেশনগুলোতে আমাদের কাজ মানুষ দেখবে। মানুষ দেখবে তারেক রহমানের নেতৃত্বে পরিবর্তনের হাওয়া লেগেছে। আমি সবার সঙ্গে সমান আচরণ করব।

সাবেক কাউন্সিলরদের নিয়ে আমি বসব, ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে বসব। আপনারাই আমাদের শক্তি। সহযোগিতা করলে আমরা সফল হবো, তারেক রহমান সফল হবেন।

 

তিনি আরও বলেন, আমি বিরোধী দলের যারা আছেন, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন, তাদের নিয়েও বসব। এ ছাড়া সামাজিক সংগঠনের নেতাদের সঙ্গেও আলোচনা করব। সবাইকে নিয়েই আমি কাজ করব।

এর আগে সকালে শহরের বিবি রোডের নিজ বাসা থেকে নেতাকর্মীদের সঙ্গে সিটি করপোরেশনে আসেন সাখাওয়াত। 
এ সময় নগরবাসী তাকে ফুলের মালা ও ফুল ছিটিয়ে বরণ করেন। দায়িত্ব গ্রহণকালে তার পাশে ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালামসহ সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতাকর্মীরা।


   আরও সংবাদ