ঢাকা, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

মেঘনা নদীতে ভাসমান হাসপাতাল

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:২৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৭ বার


মেঘনা নদীতে ভাসমান হাসপাতাল

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় মেঘনা নদীতে চালু হয়েছে ভাসমান হাসপাতাল। উপজেলার চরগাজী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের যোগেশ মাঝির খেয়া সংলগ্ন মেঘনার তীরে ভাসমান এ হাসপাতালে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। 

সৌদি আরবের অর্থায়নে দেশটির প্রয়াত বাদশা আব্দুল্লাহ বিন আব্দুল আজিজের নামে ভ্রাম্যমাণ এ হাসপাতালটি পরিচালনা করছে স্বাস্থ্য অধিদপ্তর ও ‘ফ্রেন্ডশিপ’ নামে একটি এনজিও।

গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভাসমান হাসপাতালটির কার্যক্রম চালু হয়।

চলবে আগামী তিন মাস। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চরাঞ্চলের সেবা বঞ্চিত জনগোষ্ঠী ফ্রি চিকিৎসা সেবা নিতে পারবেন। এর ফলে চিকিৎসা সেবায় আশার আলো দেখছেন উপকূলীয় চরাঞ্চলের সাধারণ মানুষ। 

 

ভাসমান হাসপাতাল সূত্রে জানা যায়, বাদশা আব্দুল্লাহ বিন আব্দুল আজিজের নামে করা ভ্রাম্যমাণ হাসপাতালের লক্ষ্য হলো- নদীতে থাকা ও চরের মানুষের মাঝে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।

প্রাথমিক চিকিৎসা, রোগ নির্ণয় থেকে শুরু করে অস্ত্রোপচার পর্যন্ত সব সেবাই মিলছে একেবারে বিনামূল্যে। হাতের নাগালে এমন স্বাস্থ্যসেবা পেয়ে দারুণ খুশি চরবাসী। 

 

ফ্রেন্ডশিপ সূত্রে জানা যায়, প্রতিদিন গড়ে তিন শতাধিক রোগী এ ভাসমান হাসপাতালে চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ পাচ্ছেন। তবে রোগীর সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করেন তারা।

সাতজন চিকিৎসকসহ মোট ৩২ সদস্যের তত্ত্বাবধানে হাসপাতালটিতে কার্যক্রম চলছে।

 


   আরও সংবাদ