ঢাকা, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

শুরু হলো ‘তারা উদ্যোক্তা মেলা’

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ২০:৪৭ অপরাহ্ন | দেখা হয়েছে ২৮ বার


 শুরু হলো ‘তারা উদ্যোক্তা মেলা’

নারী উদ্যোক্তাদের তৈরি দেশীয় পণ্য প্রসার এবং এসব পণ্যের বাজার সৃষ্টি করতে ব্র্যাক ব্যাংকের আয়োজনে তিন দিনব্যাপী ‘তারা উদ্যোক্তা মেলা ২০২৬’ শুরু হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) গুলশানের আলোকিত কনভেনশন সেন্টারে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান মেহেরিয়ার এম হাসান।

এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ইনডিপেনডেন্ট ডিরেক্টর লীলা রশিদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক রেফাত উল্লাহ খান, উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আব্দুল মোমেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তারা উদ্যোক্তা মেলায় ক্রেতাদের ভিড়/ছবি: শাকিল আহমেদ

তারা উদ্যোক্তা মেলায় ক্রেতাদের ভিড়/ছবি: শাকিল আহমেদ

দেশের বিভিন্ন প্রান্তের ৮৮ জন নারী উদ্যোক্তা তাদের তৈরি দেশীয় পণ্য নিয়ে এই ‘তারা উদ্যোক্তা মেলায় অংশ নিয়েছেন।

অংশগ্রহণকারী বেশিরভাগ নারী উদ্যোক্তা উৎপাদন খাতে জড়িত, যারা দেশের ঐতিহ্য সংরক্ষণ ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। প্রতিবারের মতো এবারও নারী উদ্যোক্তাদের এ মেলায় অংশ নিতে কোনো খরচ করতে হচ্ছে না; মেলার সব ব্যয় বহন করছে ব্র্যাক ব্যাংক।

 

নারী উদ্যোক্তাদের ডিজিটাল ইকোসিস্টেমে যুক্ত করে ক্যাশলেস পেমেন্ট সুবিধা দেওয়ার লক্ষ্যে মেলায় ব্র্যাক ব্যাংক কিউআর এবং কার্ড পেমেন্ট-সক্ষম প্রযুক্তিগত সহায়তা দেওয়া হচ্ছে। কিউআর পেমেন্টের মাধ্যমে যেকোনো পণ্য কেনাকাটায় ক্রেতারা ২০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন।

 

মেলায় সম্ভাবনাময় নারী উদ্যোক্তারা বুটিক, হাতে সেলাই করা পোশাক, হাতে তৈরি কারুশিল্প, মাটি ও পাটের তৈরি পণ্য, প্রক্রিয়াজাত চামড়াজাত পণ্য, জামদানি ও মসলিনের পোশাক, খাদ্যপণ্য, অর্গানিক স্কিনকেয়ার আইটেম এবং বাঁশ ও বেতের তৈরি পণ্যসহ স্থানীয়ভাবে তৈরি বিভিন্ন ধরনের পণ্যের সমাহার নিয়ে হাজির হয়েছেন।

তারা উদ্যোক্তা মেলায় ক্রেতাদের ভিড়/ছবি: শাকিল আহমেদ

তারা উদ্যোক্তা মেলায় ক্রেতাদের ভিড়/ছবি: শাকিল আহমেদ

মেলায় অংশ নেওয়া উদ্যোক্তাদের কয়েকজন তাদের প্রত্যাশার কথা বাংলানিউজের কাছে তুলে ধরেন। মাহামুদা আক্তার বর্ষা তাদের একজন। তার উৎপাদিত পণ্য নারীদের জন্য অর্গানিক ফ্যাব্রিকের পোশাক।

মাহামুদা মূলত অনলাইনে ব্যবসা করেন। ঢাকায় বসবাস করে বাসা থেকেই এই ব্যবসা পরিচালনা করেন।

 

তিনি বলেন, এই ‘তারা’ মেলায় অংশগ্রহণের জন্য কোনো স্টল ভাড়া দিতে হচ্ছে না। পাশাপাশি একটি বিশেষ শ্রেণির ক্রেতার কাছে তার পণ্য উপস্থাপন ও যাচাইয়ের সুযোগ পাচ্ছেন। এতে যেমন তার ক্রেতা বাড়বে, তেমনি অন্য প্রতিষ্ঠানগুলোর পণ্যের সঙ্গে নিজের পণ্যের তুলনা করতে পারছেন, যা মানোন্নয়নে সহায়ক হবে।

 

এই মেলা নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার এবং দেশের ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে পণ্য উদ্ভাবনের মাধ্যমে সৃজনশীলতা প্রকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়ে আসছে। আয়োজনটি নারী উদ্যোক্তাদের বিক্রি বাড়াতে এবং চলমান ঈদ কেনাকাটার আবহে আরও বেশি গ্রাহকের কাছে পৌঁছাতে সহায়তা করবে।

তারা উদ্যোক্তা মেলায় ক্রেতাদের ভিড়/ছবি: শাকিল আহমেদ

তারা উদ্যোক্তা মেলায় ক্রেতাদের ভিড়/ছবি: শাকিল আহমেদ

চাঁপাইনবাবগঞ্জ থেকে এসেছেন আঞ্জুমান আরা। তার উৎপাদিত পণ্য পাটের রশি দিয়ে তৈরি খাট, চেয়ার ও টেবিলের পাশাপাশি নকশিকাঁথা।

আঞ্জুমান আরা বলেন, বিলীন হওয়ার পথে থাকা পাটের রশির বিশেষ ধরনের খাট তিনি মেলায় এনেছেন। এই তৈজসপত্র গ্রামবাংলার ঐতিহ্যের স্মারক হিসেবে ব্যবহৃত হবে। পাশাপাশি নকশিকাঁথা গ্রামীণ কারুপণ্যের ব্যবহারিক আরাম দেবে।

ক্রেতারা খুব মনোযোগ দিয়ে এসব পণ্য দেখছেন বলেও জানান তিনি।

তারা উদ্যোক্তা মেলায় ক্রেতাদের ভিড়/ছবি: শাকিল আহমেদ

মেলায় থ্রিপিস দেখছেন নারী ক্রেতারা/ছবি: শাকিল আহমেদ

‘তারা’ মেলায় প্রধানত নারী উদ্যোক্তাদের উৎপাদিত নারীদের পোশাকের সমাহার দেখা গেছে। প্রায় দুই-তৃতীয়াংশ পণ্যই নারীদের ব্যবহারযোগ্য। এর বাইরে অংশ নেওয়া উদ্যোক্তাদের মধ্যে প্রকৌশলী আসফা খান উল্লেখযোগ্য। আসফা তার বাবার ব্যবসার উত্তরাধিকার সূত্রে মালিক হয়েছেন।

তিনি চশমার বিভিন্ন ধরনের কাঁচ এবং চোখের প্রয়োজনীয় উপকরণ বিক্রি করেন।

তিনি বলেন, নারীদের প্রয়োজন ও চাহিদা অনুযায়ী চশমা পেতে অনেক সময় সমস্যা হয়। বিষয়টি মাথায় রেখে তিনি তার ব্যবসা সাজিয়েছেন, যাতে নারীরা কোনো দ্বিধা ছাড়াই চশমা সংগ্রহ করতে পারেন। এই উদ্দেশ্যেই তিনি মেলায় অংশ নিয়েছেন।

তিনি আশা প্রকাশ করেন, চশমা শুধু চোখ রক্ষার জন্য নয়, ফ্যাশনের অংশ হিসেবেও গুরুত্বপূর্ণ, এ বিষয়টি তুলে ধরতে পারবেন।

এজন্য প্রয়োজন সঠিক পরামর্শ ও সঠিক চশমা নির্বাচন। সেই কাজ এগিয়ে নিতে ‘তারা’ মেলা ভূমিকা রাখবে বলেও তিনি জানান।


   আরও সংবাদ