ঢাকা, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

খলিলুর রহমান ‘লন্ডন কন্সপিরেসি’র হোতা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৫ মার্চ, ২০২৬ ১৯:৪৩ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৭ বার


খলিলুর রহমান ‘লন্ডন কন্সপিরেসি’র হোতা

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপত্তা উপদেষ্টা ও বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বিরুদ্ধে 'ইলেকশন ইঞ্জিনিয়ারিং'-এর গুরুতর অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। খলিলুর রহমানকে মন্ত্রিসভা থেকে অপসারণ করে জিজ্ঞাসাবাদ এবং নির্বাচন নিয়ে ষড়যন্ত্র উদ্ঘাটনেরও দাবি জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

সংবাদ সম্মেলনে খলিলুর রহমানকে 'লন্ডন কন্সপিরেসি'র হোতা হিসেবে মন্তব্য করে ডা. তাহের বলেন, তিনি সরকারকে মোটিভেট করে ষড়যন্ত্রের মাধ্যমে বর্তমান ক্ষমতাসীনদের সুবিধা পাইয়ে দিতে কাজ করেছেন।

আর সেই কাজের পুরস্কার হিসেবেই তিনি পররাষ্ট্রমন্ত্রীর রিওয়ার্ড পেয়েছেন।

 

জামায়াত নেতা বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালীন নিরপেক্ষ থাকার যে শপথ তাঁরা নিয়েছিলেন, দলীয় সরকারের মন্ত্রিত্ব গ্রহণ করে খলিলুর রহমান সেই শপথ ভঙ্গ করেছেন।

ডা. তাহের এই ঘটনায় বিস্ময় প্রকাশ করে বলেন, খলিলুর রহমান একসময় বিএনপির কাছেও বিতর্কিত ছিলেন, অথচ এখন তিনি বিএনপির পররাষ্ট্রমন্ত্রী।

নির্বাচনে কারচুপির ব্যাখ্যা দিতে গিয়ে জামায়াত নেতা ডা. তাহের বলেন, আমরা জানতে চাই, এই ইঞ্জিনিয়ারিংয়ে তাঁর সঙ্গে আর কারা জড়িত ছিল? ডিসি, এসপি, টিএনও এবং প্রিজাইডিং অফিসার নিয়োগের মাধ্যমে একটি নির্দিষ্ট দলকে জেতানোর নকশা করা হয়েছিল।

যারা জাতির সঙ্গে এই মীরজাফরি করেছে, তাঁদের বিচার হতে হবে।

 

সুষ্ঠু ভোট হলে জামায়াত সরকার গঠন করত বলেও দাবি করেন তিনি।

জামায়াত নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে ডা. তাহের বলেন, বর্তমানে অনেক জায়গায় জামায়াত কর্মীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং হামলা চালানো হচ্ছে। বর্তমান সরকারের আচরণে বিগত নৈরাজ্যবাদী সরকারের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।

 

আদালতে সংস্কার, জুলাই সনদ ও গণভোট নিয়ে রিট প্রসঙ্গে তিনি বলেন, সরকারের ইন্ধনেই সংস্কারকাজ বিলম্বিত করতে আদালতকে ব্যবহার করা হচ্ছে। জামায়াত এই রায়ের বিরুদ্ধে জনমত গড়ে তুলবে।

একই সঙ্গে তিনি 'জুলাই সনদ'কে আইনি ভিত্তি দিয়ে সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবি জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান এবং ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির প্রমুখ।


   আরও সংবাদ