স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ মার্চ, ২০২৬ ১৬:৪৫ অপরাহ্ন | দেখা হয়েছে ৩০ বার
এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ ও একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে ২৮ সদস্যের জাতীয় ফুটবল দলের স্কোয়াড ঘোষণা করেছেন প্রধান কোচ হ্যাভিয়ের কাবরেরা। প্রত্যাশিত অনেকেই এই তালিকায় থাকলেও সবচেয়ে বেশি আলোচনা তৈরি হয়েছে ফর্মে থাকা গোলরক্ষক আনিসুর রহমান জিকোর বাদ পড়া নিয়ে। তবে চোট কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন রক্ষণভাগের নির্ভরযোগ্য খেলোয়াড় বিশ্বনাথ ঘোষ।
২০২৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স করে দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক হয়েছিলেন জিকো।
কিন্তু এরপর মাঠের বাইরের ব্যক্তিগত কিছু বিতর্কে জড়িয়ে জাতীয় দল থেকে জায়গা হারান তিনি। চলতি মৌসুমে বসুন্ধরা কিংসের হয়ে দারুণ ফর্মে আছেন জিকো। কিংসের আরেক গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের তুলনায় সাম্প্রতিক সময়ে তার পারফরম্যান্সও ভালো। তবুও কাবরেরা তাকে দলে ডাকেননি।
জানা গেছে, কোচের করা প্রাথমিক তালিকায় জিকোর নাম থাকলেও চূড়ান্ত ২৮ জনের ক্যাম্প থেকে তাকে বাদ দেওয়া হয়েছে। ফুটবল অঙ্গনে গুঞ্জন রয়েছে, কোচ কাবরেরার সঙ্গে জিকোর সম্পর্ক খুব একটা ভালো নয়, আর সে কারণেই শেষ পর্যন্ত তাকে দলে রাখা হয়নি। জিকোর অনুপস্থিতিতে বর্তমানে আবাহনীর গোলরক্ষক মিতুল মারমাই জাতীয় দলের গোলপোস্টের প্রধান ভরসা হয়ে উঠেছেন।
জিকোর হতাশার দিনে সুখবর পেয়েছেন বিশ্বনাথ ঘোষ।
ইনজুরি কাটিয়ে আবারও জাতীয় দলে ডাক পেয়েছেন এই নির্ভরযোগ্য ডিফেন্ডার। তবে একাদশে তিনি জায়গা করে নিতে পারেন কি না, সেটিই এখন দেখার বিষয়।
আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। তার আগে প্রস্তুতির অংশ হিসেবে ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই লক্ষ্য সামনে রেখে আগামী ২১ মার্চ ঢাকা ছাড়বে দল।
অন্যদিকে প্রবাসী তারকা ফুটবলার হামজা চৌধুরী সরাসরি ২২ মার্চ ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন।
এক নজরে কাবরেরার ২৮ সদস্যের স্কোয়াড:
গোলরক্ষক: মিতুল মারমা, মো. সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ ও ইশাকু আকোন্দো।
ডিফেন্ডার: তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, মো. আবদুল্লাহ ওমর, সাকিল হোসেন, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, মনজুরুর রহমান ও ইসা ফয়সাল।
মিডফিল্ডার: শাহ কাজেম কিরমানে, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মো. সোহেল রানা, মো. হৃদয় ও শমিত সোম।
ফরোয়ার্ড: আরমান ফয়সাল আকাশ, ইমন শাহরিয়ার, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহামেদুল ইসলাম, মিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম ও সুমন রেজা।