ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৫ মার্চ, ২০২৬ ১৩:৩৬ অপরাহ্ন | দেখা হয়েছে ২২ বার
১৯৭১ সালের ২৫ মার্চের কালো রাতে নির্বিচারে নিরীহ মানুষ হত্যার ঘটনা বাংলাদেশের জনগণ কোনোদিন ভুলবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জি এম কাদের।
মঙ্গলবার (২৪ মার্চ) ‘২৫ মার্চ গণহত্যা দিবস’ উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
বিবৃতিতে তিনি বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ ইতিহাসের বর্বরতম দিনগুলোর একটি। ৭ মার্চ শেখ মুজিবুর রহমান-এর ঐতিহাসিক ভাষণের পর পুরো দেশ আন্দোলনে উত্তাল হয়ে ওঠে।
এরই মধ্যে ২৫ মার্চ সন্ধ্যায় অসহযোগ আন্দোলন চলাকালে স্বৈরশাসক ইয়াহিয়া খান গোপনে ঢাকা ত্যাগ করেন।
তিনি আরও বলেন, ওই রাতেই পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালিদের ওপর ইতিহাসের নৃশংসতম হত্যাযজ্ঞ চালায়। এতে শহীদ হন ছাত্র, শিক্ষক, পুলিশ, সেনাসদস্যসহ হাজার হাজার নিরস্ত্র মানুষ। ২৫ মার্চের গণহত্যা এবং পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় বাংলাদেশের স্বাধীনতা।
জিএম কাদের বলেন, আগামী প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানা অত্যন্ত জরুরি। আত্মপরিচয়, সংস্কৃতি ও স্বকীয়তা রক্ষার জন্য বাঙালি অস্ত্র হাতে যুদ্ধ করে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে—এই সত্য তাদের জানতে ও উপলব্ধি করতে হবে।
তিনি আরও বলেন, যারা ২৫ মার্চের গণহত্যা ও স্বাধীনতার যুদ্ধের ইতিহাস বিকৃত করতে চায়, তারা হানাদার বাহিনীর দোসর। এ দেশের মানুষ তাদের কখনো মেনে নেবে না।
শেষে তিনি বলেন, ২৫ মার্চের নির্মম হত্যাযজ্ঞের স্মৃতি ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনা অক্ষুণ্ণ রাখার দৃঢ় শপথ নিতে হবে সবাইকে।