আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল, ২০২৬ ১৭:৩২ অপরাহ্ন | দেখা হয়েছে ২৮ বার
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই হরমুজ প্রণালিকে ঘিরে নতুন করে সক্রিয়তা দেখাচ্ছে জাপান। গুরুত্বপূর্ণ এই নৌপথে মাইন অপসারণে সামরিক বাহিনী পাঠানোর সম্ভাবনার কথা জানিয়েছে টোকিও।
জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি মিনোরু কিহারা বলেছেন, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও প্রয়োজনে জাপান সেলফ-ডিফেন্স ফোর্সেসকে হরমুজ প্রণালিতে মোতায়েন করা হতে পারে। বিশেষ করে সমুদ্রপথে পাতা মাইন অপসারণের মতো কাজে এই বাহিনীকে ব্যবহারের বিষয়টি বিবেচনায় রয়েছে।
সাংবাদিকদের তিনি জানান, জাপান শুরু থেকেই সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে উত্তেজনা কমিয়ে একটি পূর্ণাঙ্গ সমঝোতার দিকে এগিয়ে যেতে জোর দিচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।
অন্যদিকে, কিয়োদো নিউজের খবরে বলা হয়েছে, কিহারা স্পষ্ট করে উল্লেখ করেছেন— বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে জরুরি বিষয় হলো উত্তেজনা প্রশমিত করা। একই সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি, এবং তা বাস্তবে কার্যকর করা প্রয়োজন।