ঢাকা, সোমবার, ২০ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বাড়তি দাম প্রত্যাহারের দাবি কৃষক মজুর সংহতির

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২০ এপ্রিল, ২০২৬ ১৫:৪৮ অপরাহ্ন | দেখা হয়েছে ১১ বার


বাড়তি দাম প্রত্যাহারের দাবি কৃষক মজুর সংহতির

সরকারের ঘোষিত ডিজেল ও কেরোসিনের বাড়তি দাম প্রত্যাহার করার দাবি জানিয়েছে বাংলাদেশ কৃষক মজুর সংহতি।

সোমবার (২০ এপ্রিল) সংগঠনটির সভাপতি দেওয়ান আব্দুর রশিদ নীলু ও সাধারণ সম্পাদক আবদুল আলিম এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

 

নেতৃবৃন্দ বলেন, ইরান যুদ্ধের কারণে সৃষ্ট সংকটে চলমান সেচ মৌসুমে জ্বালানি সংকটে বোরোসহ বিভিন্ন আবাদি জমির সেচ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বছরের এ সময় কৃষকদের জমিতে সেচ দেওয়া, হাওর অঞ্চলের উৎপাদিত ধান কাটা, পাটের অঞ্চলে জমি চাষ দেওয়া ও ফসল পরিবহনের জন্য ডিজেলের ওপরই ব্যপকভাবে নির্ভর করতে হয়।

অথচ এই সময়েই সরকার ডিজেলের সরবরাহ ব্যবস্থা ঠিক রাখতে পারেনি। কৃষককে বাধ্য হয়ে প্রতি লিটার তেল ১৩০-১৫০ টাকা করে কিনতে হয়েছে।

এখন আবার ডিজেলের দাম লিটার প্রতি শতকরা ১৫ ভাগ বাড়ানো হয়েছে। এ অবস্থায় সারা দেশের কৃষকরা জমি চাষ, সেচ, মাড়াই ও পরিবহনের বর্ধিত খরচ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত।

 

নেতৃবৃন্দ আশঙ্কা প্রকাশ করেন, মাঠপর্যায়ে সরবরাহ ব্যবস্থায় সমন্বয়হীনতা ও দুর্নীতিবাজ জ্বালানি ব্যবসায়ীদের সৃষ্ট কৃত্রিম সংকটের কারণে এ বছর বোরো ধানের সেচ ব্যাহত হবে এবং তা সরাসরি চালের বাজারে অস্থিরতা তৈরি করবে। সরকার কৃষিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা বলে সেখানে জ্বালানি তেল পেতে কৃষকদের হয়রানি ও বাড়তি দাম দিতে বাধ্য করার বিষয়টি খুবই অনাকাঙ্ক্ষিত। কৃষকের স্বার্থে জ্বালানি সিন্ডিকেটের এই কারসাজি নিয়ে কঠোর নজরদারি প্রয়োজন।

এ প্রসঙ্গে নেতৃবৃন্দ রোববার জাতীয় সংসদে‌ জ্বালানিমন্ত্রী কর্তৃক উল্লিখিত দেশের বিভিন্ন স্থানে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী কর্তৃক অবৈধভাবে জ্বালানি তেলের মজুত ও কালোবাজারির নিন্দা জানিয়েছেন।

নেতৃবৃন্দ দাবি করেন, দেশে খাদ্যনিরাপত্তা ও কৃষি অর্থনীতির স্বার্থে কৃষি মন্ত্রণালয় জ্বালানিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সাথে সমন্বয় করে কৃষকদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহে বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে। নেতৃবৃন্দ অবিলম্বে সরকারকে কৃষকদের জন্য বাড়তি দাম প্রত্যাহার করে আগের দামেই ডিজেল সরবারাহের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।


   আরও সংবাদ