আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৭ এপ্রিল, ২০২৬ ১০:৪৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১১ বার
দক্ষিণ লেবাননের সীমান্ত এলাকায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে অঞ্চলজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
গোষ্ঠীটির দাবি, তাল আল-নাহাস এলাকায় ইসরায়েলি সেনা ও সামরিক যানের সমাবেশ লক্ষ্য করে ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। কফর কিলা গ্রামের উপকণ্ঠে অবস্থানরত সেনাদের ওপরও এই হামলা পরিচালিত হয়েছে বলে জানানো হয়েছে।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২৭ এপ্রিল) ভোরে চালানো এই হামলা সরাসরি সীমান্তে মোতায়েন থাকা ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে করা হয়।
এর আগে রবিবার ইসরায়েলি সামরিক বাহিনী স্বীকার করে, দক্ষিণ লেবাননে সংঘর্ষের সময় তাদের একজন সেনা নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে, যদিও ঘটনার বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ।
হিজবুল্লাহ জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি বারবার লঙ্ঘনের প্রতিবাদে তারা এসব হামলা চালাচ্ছে।
তাদের দাবি, ইসরায়েলি আগ্রাসনের জবাব দিতেই এই পদক্ষেপ।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার সূচনা হয় গত ২৮ ফেব্রুয়ারি, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা শুরু করে। এর জেরে ২ মার্চ থেকে লেবাননেও সংঘাত ছড়িয়ে পড়ে এবং শুরু হয় ইসরায়েলের বিমান হামলা ও স্থল অভিযান।
লেবাননের তথ্য অনুযায়ী, গত মার্চের শুরু থেকে চলা এই সংঘাতে এখন পর্যন্ত আড়াই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং ১০ লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।
বর্তমানে দক্ষিণ লেবাননের পরিস্থিতি অত্যন্ত নাজুক। যুদ্ধবিরতি থাকলেও প্রায় প্রতিদিনই পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই ক্ষেপণাস্ত্র হামলা ইঙ্গিত দিচ্ছে,সংঘাত থামার কোনো লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না।
এদিকে ইসরায়েল জানিয়েছে, তারা তাদের সেনাদের সুরক্ষা নিশ্চিত করতে এবং হিজবুল্লাহর সামরিক সক্ষমতা ধ্বংস করতে অভিযান অব্যাহত রাখবে। ফলে পুরো অঞ্চল আবারও বড় ধরনের সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: আনাদোলু এজেন্সি