ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৩ মে, ২০২৬ ০৯:৫১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৬ বার
চলতি ২০২৫–২০২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) বাজেট বাস্তবায়নের হার বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৬৮ শতাংশে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২৮ দশমিক ৩৩ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে বাস্তবায়ন বেড়েছে ৪ দশমিক ৩৩ শতাংশ।
তবে সামগ্রিক অগ্রগতির বিপরীতে কমেছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের গতি। এ সময়ে এডিপি বাস্তবায়ন হয়েছে মাত্র ১৩ দশমিক ৫৬ শতাংশ, যেখানে গত বছর একই সময়ে ছিল প্রায় ১৭ শতাংশের বেশি।
অর্থ বিভাগের সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরের মোট বাজেট ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। এর মধ্যে ছয় মাসে ব্যয় হয়েছে ২ লাখ ৫৮ হাজার ১৮৬ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের ব্যয় (২ লাখ ২৬ হাজার ১৮৯ কোটি টাকা) থেকে বেশি।
রাজস্ব আদায়ে ইতিবাচক প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। এ সময়ে রাজস্ব আয় বেড়েছে ১৩ দশমিক ৬ শতাংশ, যা গত বছর ছিল মাত্র ৪ দশমিক ৭ শতাংশ।
মোট রাজস্ব আদায় হয়েছে ২ লাখ ২২ হাজার কোটি টাকা—যা লক্ষ্যমাত্রার প্রায় ৩৯ শতাংশ।
অন্যদিকে, সরকারি ব্যয় প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ১ শতাংশ, যদিও গত বছর একই সময়ে এ হার ছিল ১৬ দশমিক ৩ শতাংশ।চলতি বাজেটে ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা। এর মধ্যে ছয় মাসে ঘাটতি দাঁড়িয়েছে ৩৬ হাজার কোটি টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় কিছুটা বেশি।
বিদেশি অর্থায়নে বড় ধরনের পতন দেখা গেছে। যেখানে গত অর্থবছরে একই সময়ে নিট বৈদেশিক অর্থায়ন ছিল ১৩ হাজার ৮১৪ কোটি টাকা, সেখানে এবার তা নেমে গেছে ঋণাত্মক ৫ হাজার ৭৩৪ কোটিতে। এছাড়া বৈদেশিক ঋণ গ্রহণও কমেছে প্রায় ১৬ হাজার ৫৪৯ কোটি টাকা।
অর্থনীতির বহির্বাণিজ্য খাতেও মিশ্র চিত্র দেখা গেছে। রফতানি প্রবৃদ্ধি ১১ শতাংশ থেকে নেমে ঋণাত্মক ০.৯০ শতাংশে দাঁড়িয়েছে। তবে আমদানি প্রবৃদ্ধি বেড়ে হয়েছে ৫ শতাংশ। একই সময়ে প্রবাস আয় প্রবৃদ্ধি কমে ২৭.৫৬ শতাংশ থেকে ১৮ শতাংশে নেমেছে।
সব মিলিয়ে, রাজস্ব আয় ও বাজেট বাস্তবায়নে কিছু অগ্রগতি থাকলেও উন্নয়ন ব্যয়, বৈদেশিক অর্থায়ন ও রফতানি খাতে ধীরগতি অর্থনীতির জন্য নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে।