ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৩ মে, ২০২৬ ১৫:২২ অপরাহ্ন | দেখা হয়েছে ১৫ বার
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার বলেছেন, মহানগরীতে চাঁদাবাজ, মাদককারবারি, অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী ও অনলাইন জুয়া চক্রের বিরুদ্ধে বিশেষ সাঁড়াশি অভিযান জোরদার করা হয়েছে।
রোববার (৩ মে) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা, অবৈধ অস্ত্রের ব্যবহার ও অনলাইন জুয়া সংক্রান্ত অভিযোগ বেড়েছে। এসব দমনে সমন্বিত নিরাপত্তা কৌশল গ্রহণ করে অভিযান চালানো হচ্ছে।
ডিএমপি কমিশনার জানান, গত ৪৮ ঘণ্টায় অভিযান চালিয়ে ৫৮ জন তালিকাভুক্ত ও ৯৪ জন তালিকাবহির্ভূত চাঁদাবাজকে আটক করা হয়েছে। এ সময় চাঁদা আদায়ের খাতা, লেনদেনের তথ্য ও ভিডিওসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।
পাশাপাশি মাদক ও অস্ত্রবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, সাইবার মনিটরিং টিম ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে অনলাইন জুয়া ও প্রতারণা চক্রের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে।
তাদের ব্যবহৃত মোবাইল, ল্যাপটপ ও সার্ভার জব্দ করা হয়েছে।
নগরীর গুরুত্বপূর্ণ এলাকা, বসিলা ও কারওয়ান বাজারসহ বিভিন্ন স্থানে স্থায়ী ও অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। বাজার ও জনবহুল এলাকায় টহল বৃদ্ধি এবং বিশেষ মনিটরিং সেল কাজ করছে।
ডিএমপি জানায়, ভবিষ্যতে অপরাধপ্রবণ এলাকায় নতুন পুলিশ ক্যাম্প স্থাপন, সিসিটিভি ক্যামেরা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর অভিযান আরও জোরদার করা হবে।
এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।