স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৪ মে, ২০২৬ ১৭:০৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৫ বার
আইপিএলে ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন এবং মাঠের বাইরের চলাফেরা নিয়ে এবার কঠোর অবস্থান নিতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
বিশেষ করে হার্দিক পান্ডিয়া, যশস্বী জয়সওয়াল, ইশান কিশান এবং আর্শদীপ সিংয়ের মতো তারকাদের তাদের কথিত প্রেমিকা বা নারী বন্ধুদের নিয়ে জনসমক্ষে যাতায়াত এবং টিম হোটেলে অবস্থান করা নিয়ে নাখোশ বোর্ড।
বিসিসিআই মনে করছে, এই ‘গার্লফ্রেন্ড কালচার’ চলতে থাকলে ভবিষ্যতে লিগের ভাবমূর্তি ও নিরাপত্তা বড় সংকটে পড়তে পারে।
ভারতীয় সংবাদমাধ্যম দৈনিক জাগরণ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিকেটারদের এই নারী বন্ধুদের অনেকেরই সোশ্যাল মিডিয়ায় ‘ইনফ্লুয়েন্সার’ হিসেবে বিশাল পরিচিতি রয়েছে।
অভিযোগ উঠেছে, তাদের কেউ কেউ অতীতে জুয়ার অ্যাপ প্রচারের সাথে যুক্ত ছিলেন। এছাড়া সাম্প্রতিক সময়ে ক্রিকেটার ও তাদের সঙ্গিনীদের মধ্যে বিবাদ এবং পুলিশের কাছে অভিযোগ জানানোর মতো ঘটনাও ঘটেছে, যা বোর্ড ও টুর্নামেন্টের মর্যাদা ক্ষুণ্ণ করছে।
বিসিসিআইয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রেমিকার জন্য অনেক সময় টিম বাস পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। এমনকি অনেক ক্ষেত্রে অ্যান্টি-করাপশন ইউনিটের (এসিইউ) কর্মকর্তাদের ভুল বুঝিয়ে তাদের ‘অফিসিয়াল পার্টনার’ হিসেবে পরিচয় দিয়ে হোটেলে রাখা হচ্ছে।
ওই কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই ‘অফিসিয়াল গার্লফ্রেন্ড’ শব্দটা কোথা থেকে এল তা আমাদের জানা নেই। বিসিসিআইয়ের নীতিমালায় এমন কোনো নিয়ম নেই। আমরা কেবল নির্দিষ্ট নির্দেশিকা মেনে স্ত্রী ও পরিবারের সদস্যদের থাকার অনুমতি দিই। কারা এই অনুমতি দিচ্ছে তা তদন্ত করা প্রয়োজন।”
বোর্ড আরও উদ্বিগ্ন এই কারণে যে, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হওয়ায় অনিচ্ছাকৃতভাবেও দলের কোনো গোপন তথ্য ফাঁস হয়ে যেতে পারে, যা খেলার সততাকে প্রশ্নবিদ্ধ করবে।
জানা গেছে, বিসিসিআই তাদের পরবর্তী সভায় এ বিষয়ে কঠোর নির্দেশিকা জারি করবে। এই নিয়ম কেবল আইপিএলে নয়, ভারতীয় জাতীয় দলের আন্তর্জাতিক সফরের ক্ষেত্রেও কার্যকর হবে।
ফ্র্যাঞ্চাইজিগুলো ব্যক্তিগত মালিকানাধীন হলেও বিসিসিআই সবার জন্য অভিন্ন একটি কেন্দ্রীয় নীতিমালা তৈরি করতে যাচ্ছে। পাশাপাশি এসিইউ-কেও খেলোয়াড়দের আবাসন ও ভ্রমণ প্রোটোকল নিয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হবে।