স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৭ মে, ২০২৬ ১০:১১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৯ বার
আর্জেন্টিনার তরুণ উইঙ্গার জিয়ানলুকা প্রেস্তিয়ানির জন্য বড় ধাক্কা হয়ে এসেছে ফিফার নতুন সিদ্ধান্ত। সমকামী বিদ্বেষমূলক আচরণের দায়ে উয়েফা থেকে পাওয়া ছয় ম্যাচের নিষেধাজ্ঞাকে এবার বিশ্বব্যাপী কার্যকর করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
ফলে বিশ্বকাপের শুরুতেই আর্জেন্টিনাকে এই ফুটবলারকে ছাড়াই খেলতে হতে পারে।
বুধবার এক বিবৃতিতে ফিফার মুখপাত্র বলেন, ‘ফিফা ডিসিপ্লিনারি কমিটি উয়েফার দেওয়া ছয় ম্যাচের নিষেধাজ্ঞাকে বিশ্বব্যাপী কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে।
ফিফা ডিসিপ্লিনারি কোডের ৭০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বেনফিকার ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রের উদ্দেশে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে শাস্তি পান প্রেস্তিয়ানি।
সেই ম্যাচে ১-০ গোলে জিতেছিল রিয়াল মাদ্রিদ।
উয়েফার অনুরোধেই ফিফা নিষেধাজ্ঞাটিকে বিশ্বব্যাপী কার্যকর করেছে।
এর ফলে আর্জেন্টিনা বিশ্বকাপ দলে জায়গা পেলে প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না ২০ বছর বয়সী এই ফুটবলার।
এই নিষেধাজ্ঞা কার্যকর হবে উয়েফা ক্লাব প্রতিযোগিতা ও প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক ম্যাচে। তবে প্রীতি ম্যাচ কিংবা ঘরোয়া লিগের ম্যাচের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না।
প্রথমে বৈষম্যমূলক আচরণের দায়ে প্রেস্তিয়ানিকে ছয় ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছিল উয়েফা, যার মধ্যে তিন ম্যাচ স্থগিত রাখা হয়েছিল পর্যবেক্ষণকালীন সময়ের জন্য। ইতোমধ্যে রিয়াল মাদ্রিদের বিপক্ষে দ্বিতীয় লেগ মিস করে এক ম্যাচের সাময়িক নিষেধাজ্ঞা ভোগ করেছেন তিনি।
আন্তর্জাতিক ফুটবলে এখনো খুব বেশি অভিজ্ঞ নন প্রেস্তিয়ানি। গত নভেম্বরে অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচে বদলি হিসেবে নেমে আর্জেন্টিনার হয়ে একমাত্র ম্যাচটি খেলেছেন তিনি।
আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। এরপর গ্রুপ ‘জে’-তে তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।