ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০ মে, ২০২৬ ১৪:২১ অপরাহ্ন | দেখা হয়েছে ১৪ বার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাগচালা বাজার এলাকায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
রোববার (১০ মে) ভোরে এ ঘটনা ঘটে। এসময় এলাকাবাসী একটি পিকআপে আগুন ধরিয়ে দেয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার বাগচালা এলাকায় আবু বক্কর সিদ্দিকের বাড়িতে ১০-১২ সদস্যের সংঘবদ্ধ চোর চক্র পিকআপ নিয়ে গরু চুরি করতে যায়। বাড়ির মালিক টের পেয়ে আশপাশের লোকজনকে খবর দেয়।
পরে এলাকাবাসী চোরদের ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে গণপিটুনি দেয়। এসময় স্থানীয়রা চোর চক্রের ব্যবহৃত পিকআপে আগুন ধরিয়ে দেয়।
ঘটনাস্থল থেকে তালা কাটার সরঞ্জাম, চাপাতি ও দাসহ উদ্ধার করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপর দুইজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এলাকাবাসীর গণপিটুনিতে তিনজন নিহত হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।