স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ মে, ২০২৬ ১১:০৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২১ বার
লা লিগা জয়ের রাজকীয় উদযাপনে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ফুটবল বিশ্বে নতুন করে আলোচনায় এসেছেন বার্সেলোনার ১৮ বছর বয়সী বিস্ময় বালক লামিন ইয়ামাল। স্প্যানিশ এই তরুণ সুপারস্টারের এমন সাহসী পদক্ষেপে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার জোয়ার বইছে।
গত রোববার এল ক্লাসিকোয় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে নিজেদের ২৯তম লা লিগা শিরোপা নিশ্চিত করে বার্সেলোনা। এই জয়ের পর সোমবার শহরজুড়ে এক বর্ণাঢ্য ছাদখোলা বাস প্যারেড বের করা হয়।
প্রিয় তারকাদের একনজর দেখতে বার্সেলোনার রাস্তায় ভিড় জমান হাজার হাজার ফুটবল অনুরাগী।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, উৎসবমুখর পরিবেশের মধ্যে ছাদখোলা বাসের ওপর থেকে ফিলিস্তিনের পতাকা ওড়াচ্ছেন ইয়ামাল।
উপস্থিত জনতাও তার এই কাজকে করতালি ও হর্ষধ্বনির মাধ্যমে অভিবাদন জানায়। ফিলিস্তিনে চলমান সংকটের প্রেক্ষাপটে একজন উদীয়মান বৈশ্বিক তারকার এই অবস্থান ভক্তদের বিশেষভাবে নাড়া দিয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান সংঘাতের প্রতিবাদে স্পেনের বার্সেলোনা শহরটি শুরু থেকেই ফিলিস্তিনপন্থী আন্দোলনের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। শহরটিতে নিয়মিতভাবে বিশাল সব প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এবং গাজার অবরোধ ভাঙার লক্ষ্যে এখান থেকেই ত্রাণবাহী জাহাজ বা 'এইড ফ্লোটিলা' যাত্রা শুরু করেছিল।
এমন এক উত্তাল রাজনৈতিক আবহে ফুটবল মাঠের উদযাপনে ইয়ামালের এই সংহতি প্রকাশ শুধুমাত্র স্পেনে নয়, সারাবিশ্বের ফিলিস্তিনপন্থী মানুষের কাছে প্রশংসিত হচ্ছে।