ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৭ মে, ২০২৬ ১৫:৫২ অপরাহ্ন | দেখা হয়েছে ২৭ বার
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ জুন পর্যন্ত সময় পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।
রোববার (১৭ মে) এই মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।
তবে এদিন মামলার তদন্তকারী সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল করতে পারেনি।
তাই ঢাকার অতিরিক্তি চিফ মেট্রাপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম মামলাটি পুনঃতদন্ত শেষ করে আগামী ৭ জুনের মধ্যে প্রতিবেদন দাখিলের আদেশ দেন।
এর আগে চলতি বছরের ৬ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদসহ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
এরপর ১৫ জানুয়ারি চার্জশিটের বিরুদ্ধে নারাজি আবেদন দাখিল করেন মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
বাদীপক্ষে আইনজীবী মোস্তাফিজুর রহমান মুকুল নারাজি আবেদনের শুনানি করেন। শুনানি শেষে আদালত মামলাটি পুনরায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সিআইডিকে নির্দেশ দেন।
জানা যায়, গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় হামলার শিকার হন শরিফ ওসমান হাদি। মোটরসাইকেলে করে আসা দুই আততায়ীর একজন চলন্ত রিকশায় থাকা হাদির মাথায় গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
গত ১৫ ডিসেম্বর হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো কয়। সেখানেই চিকিসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। গত ২০ ডিসেম্বর দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বৃহৎ জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে সমাহিত করা হয়।
এ মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এরই মধ্যে কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। তাকে আনার চেষ্টা চলছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়।