ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৬ মে, ২০২৬ ২৩:১২ অপরাহ্ন | দেখা হয়েছে ৯ বার
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর গাবতলী পশুর হাটে ক্রেতা ও বিক্রেতাদের জন্য স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার ও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে হাটে নিরাপত্তায় কড়া নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।
মঙ্গলবার (২৬ মে) গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) বর্তমান প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
প্রতিমন্ত্রী বলেন, হাটের সার্বিক পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক রয়েছে। পশুর মূল্যের ওপর নির্ধারিত ৫ শতাংশ হাসিল আদায়ের বিষয়টি যথাযথভাবে বাস্তবায়ন করা হচ্ছে কি না, তা রশিদের মাধ্যমে যাচাই করা হয়েছে।
তিনি বলেন, সাম্প্রতিক বৃষ্টিপাতের কারণে সাময়িক কিছু ভোগান্তি তৈরি হলেও পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। কোথাও কাদা জমে গেলে তাৎক্ষণিকভাবে ইট, সুরকি বা বালু ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হচ্ছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে প্রতিমন্ত্রী জানান, হাটে জালিয়াতি ও নকল টাকা শনাক্তে র্যাব, পুলিশ, কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে।
হাটের সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে সিটি কর্পোরেশন, ইজারাদার ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।